ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়া ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড়দের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। দলের অধিনায়ক জাহরা ঘানবারিসহ পাঁচজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় আশ্রয় দাবি করার পর তিনি এই আহ্বান জানান।
এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, অস্ট্রেলিয়ায় একটি টুর্নামেন্ট খেলতে গিয়ে ওই খেলোয়াড়দের “জিম্মি” করে রাখা হয়েছে।
তিনি লিখেছেন, “মিনাব শহরে ডাবল-ট্যাপ টমাহক হামলায় তারা ১৬৫ জনের বেশি নিরীহ ইরানি স্কুলছাত্রীকে হত্যা করেছে, আর এখন ‘তাদের রক্ষা করার’ নামে আমাদের ক্রীড়াবিদদের জিম্মি করতে চায়? এই দুঃসাহস আর ভণ্ডামি সত্যিই বিস্ময়কর।”
তিনি আরও লেখেন, “ইরানের নারী ফুটবল দলকে বলছি: চিন্তা কোরো না—ইরান তোমাদের উন্মুক্ত বাহু নিয়ে অপেক্ষা করছে। ঘরে ফিরে আসো।”
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ম্যাচের আগে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর পর ইরানে দলটি সমালোচনার মুখে পড়ে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের “বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেওয়া হয়।
আজ মঙ্গলবার দলের পাঁচ সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় পান। তারা রাতের অন্ধকারে দলের হোটেল থেকে গোপনে বেরিয়ে অস্ট্রেলীয় কর্মকর্তাদের কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং পরে তাদের একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়।
প্রকাশিত ছবিতে দেখা যায়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মানবিক কারণে তাদের অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দিয়ে নথিতে স্বাক্ষর করছেন, আর খেলোয়াড়রা একটি টেবিল ঘিরে বসে আছেন। সূত্র: আল জাজিরা
মাহফুজ/