ইরান যুদ্ধে সরাসরি সংশ্লিষ্ট মার্কিন সামরিক বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে দেশটি তাদের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করেছিল, এবার আকাশসীমা নিষিদ্ধ করে সেই অবস্থান আরও কঠোর করল স্পেন।
মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোবেলস বলেন, ‘‘ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা—কোনোটি ব্যবহারেরই অনুমতি দিচ্ছি না।’’
স্প্যানিশ সংবাদপত্র এল পাইস সামরিক সূত্রের বরাত দিয়ে প্রথম এই খবরটি প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, স্পেনের এই নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্যে লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় ন্যাটো (NATO) সদস্য রাষ্ট্র স্পেনের আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে যেতে বাধ্য হবে মার্কিন যুদ্ধবিমানগুলো। তবে জরুরি অবস্থার ক্ষেত্রে এই নিয়ম শিথিল থাকবে বলে জানানো হয়েছে।
স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও কাদেনা সার-কে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই পদক্ষেপকে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন: ‘‘এই সিদ্ধান্তটি স্পেন সরকারের সেই নীতিরই অংশ, যার মাধ্যমে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ বা সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছি। এই যুদ্ধ একতরফাভাবে শুরু করা হয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।’’
ট্রাম্পের পাল্টা হুমকি
স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ শুরু থেকেই ইরান ও ইসরায়েলি হামলার তীব্র বিরোধিতা করে আসছেন। তিনি এই আক্রমণগুলোকে ‘‘বেপরোয়া এবং অবৈধ’’ বলে বর্ণনা করেছেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের এই অনমনীয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্পেনের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে রেখেছেন তিনি। সূত্র: রয়টার্স
মাহফুজ/