বিদেশ থেকে মূল্যবান ধাতু আমদানি কমানো এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে লক্ষ্যে ভারত সরকার সোনা ও রুপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে।
বুধবার (১৩ মে) সরকারি এক আদেশে বিষয়টি জানানো হয়।
ভারতে এই উচ্চ হারে শুল্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূল্যবান ধাতুর ক্রেতাদের চাহিদা কমিয়ে দিতে পারে।
এতে ভারতের বাণিজ্য ঘাটতি কমতে পারে এবং রুপির অবস্থান কিছুটা শক্তিশালী হতে পারে।
তবে শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন, আমদানি শুল্ক বাড়ানোর ফলে আবারও সোনা চোরাচালান বাড়তে পারে। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভারত শুল্ক কমানোর পর চোরাচালান কিছুটা কমে এসেছিল।
সরকার সোনা ও রুপা আমদানির ওপর ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটি এবং ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস (এআইডিসি) আরোপ করে। ফলে মোট কার্যকর আমদানি কর ৬ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে দাঁড়িয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রবিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় মানুষকে এক বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান। ভারত তার প্রায় পুরো সোনার চাহিদাই আমদানির মাধ্যমে পূরণ করে থাকে।
সম্প্রতি সোনার দামের ঊর্ধ্বগতি এবং গত এক বছরে শেয়ারবাজারে নেতিবাচক মুনাফার কারণে ভারতে বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।
গত মাসে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, মার্চ প্রান্তিকে ভারতের গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৮৬ শতাংশ বেড়ে রেকর্ড ২০ মেট্রিক টনে পৌঁছেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত সরকার সোনা আমদানি কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সোনা ও রুপা আমদানিতে ৩ শতাংশ ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (আইজিএসপি) আরোপ করা হয়, যার ফলে ব্যাংকগুলো এক মাসেরও বেশি সময় আমদানি বন্ধ রাখে।
এর ফলে এপ্রিল মাসে সোনা আমদানি প্রায় ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। পরে ব্যাংকগুলো ৩ শতাংশ আইজিএসটি পরিশোধের মাধ্যমে আবার আমদানি শুরু করে।
তবে বুলিয়ন ব্যবসায়ীরা বলছেন, নতুন আমদানি শুল্ক বাড়ানোর কারণে আবারও আমদানি কমে যেতে পারে।
মুম্বাইভিত্তিক একটি বেসরকারি ব্যাংকের এক বুলিয়ন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবৈধ বাজার আবার সক্রিয় হয়ে উঠতে পারে, কারণ বর্তমানে অবৈধভাবে সোনা আনার লাভ অনেক বেশি। বর্তমান দামে চোরাচালানকারীরা বড় ধরনের মুনাফা করতে পারবে।’ সূত্র: রয়টার্স
অমিয়/