ঢাকা ১ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৫ জুন ২০২৬

সর্বশেষ
স্বপ্নের রাজপুত্র ইয়ামাল শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি সজীবতার গান গেয়ে এল বর্ষা বন্ধ চিনিকল চালুর উদ্যােগ ১৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল সোনারগাঁওয়ে মামলার পর আতঙ্কে ঘরছাড়া ধর্ষণের শিকার গৃহবধূ ১৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল বগুড়ায় মলম ট্যাবলেটে সীমাবদ্ধ সেবা বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চীনের গোয়েন্দা তথ্য সংগ্রহে ওয়েবসাইট চালু তাইওয়ানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আতঙ্কে ‘মোস্ট ওয়ান্টেড’ আসামিরা বাজেট প্রস্তাবের পর শেয়ারবাজারে উত্থান চমৎকার জয়ফুল মথ টাকা সাদা করার সুবিধা আছে, না নেই! সেনাসংকটে ইউক্রেনে যুদ্ধ চালাতে চাপে পুতিন নেপালের অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমোদন দেয়নি ভারত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ হয়নি তিন মাসেও ট্রিলিয়নিয়ার হলেও ইলন মাস্ক থাকেন ৪০০ ফুটের ছোট্ট বাড়িতে সোনালি দিনের খোঁজে স্পেন একসময়ের দাতা এখন গ্রহীতা নীল হাঙরের নাবিক রায়ান মেন্দেস লা রোজার সামনে রূপকথার নায়ক! ১৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি পেছনে যুদ্ধ, সামনে বিশ্বকাপ মরুর সাহস, উরুগুয়ের ইতিহাস দুর্দান্ত বেলজিয়ামের সামনে সালাহর মিসর নেদারল্যান্ডসকে জিততে দিল না জাপান প্রথম ম্যাচে যে রেকর্ড ডাকছে মেসিকে
Nagad desktop

৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
৫ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে গড়ে তোলা আটক কেন্দ্র থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়া আরও ৮৩৬ জন বর্তমানে নিজ দেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। গত রবিবার পশ্চিমবঙ্গে বিজেপির একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি সভায় দেওয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেন। খবর ইন্ডিয়া টুডে অনলাইনের

বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, অবৈধ অভিবাসন মোকাবিলা এবং ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

শুভেন্দু জানান, রাজ্যের যে ৫৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় এখনো কোনো বেড়া নেই, তার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার অংশে বেড়া দেওয়ার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) ইতোমধ্যে জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার।

তিনি বলেন, ‘আমরা বিএসএফের কাছে প্রায় ১০০ কিলোমিটার জমি হস্তান্তর করেছি এবং উত্তরবঙ্গের চিকেনস নেক করিডরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’

উল্লেখ্য, চিকেনস নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডর কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল একটি পথ, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে।

সরকারের পুশব্যাক অভিযানের বিষয়টি তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, যেসব অবৈধ অভিবাসী ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়েন না, কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে তাদের সরাসরি বিএসএফের কাছে হস্তান্তর করা হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশের অন্যান্য জায়গায় এই ধরনের নিয়ম কার্যকর করা হলেও পশ্চিমবঙ্গের পূর্ববর্তী তৃণমূল সরকার কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। যার ফলে অবৈধ অভিবাসীরা জনগণের করের টাকায় রাজ্যের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে এখানে থেকে যাওয়ার সুযোগ পেয়েছিল।

শুভেন্দু বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর আটক কেন্দ্র থেকে প্রায় ৪ হাজার ৮০০ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এবং আরও ৮৩৬ জন বহিষ্কারের অপেক্ষায় আছেন।

উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে যাতায়াতের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী দাবি করেন, সরকারের কঠোর পদক্ষেপের কারণে বহু নথিপত্রহীন অভিবাসী ইতোমধ্যে স্বেচ্ছায় রাজ্য ছেড়ে চলে গেছেন।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, রাজ্যে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে ঘটা এই অনুপ্রবেশের বিষয়টিই সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির সফল নির্বাচনি প্রচারণার অন্যতম প্রধান চাবিকাঠি ছিল।

একই সঙ্গে তিনি জানান, রাজ্যে ইতোমধ্যে আদমশুমারিসংক্রান্ত কাজ শুরু হয়েছে। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা চালানো হবে। শুভেন্দু অধিকারীর তথ্য অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারির শেষ নাগাদ এই আদমশুমারির কাজ সম্পূর্ণ হবে এবং এর পর পরই নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করা হবে।

শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:০০ এএম
শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বৈশ্বিক শান্তি সূচক (গ্লোবাল পিস ইনডেক্স বা জিপিআই) ২০২৬ অনুযায়ী দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশের স্থান পেয়েছে বাংলাদেশ। শান্তি বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ এই অঞ্চলে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস’ (আইইপি) এই সূচক প্রকাশ করে। এবারের সূচকে বাংলাদেশের শান্তির স্তরকে ‘মাঝারি’ বা মিডিয়াম হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৭তম। ৫ পয়েন্টের মধ্যে বাংলাদেশের সার্বিক স্কোর ২ দশমিক ২২৬। সূচকে যে দেশের স্কোর যত কম, সেই দেশ তত বেশি শান্তিপূর্ণ।

আইইপির জিপিআইয়ের এটি ২০তম সংস্করণ। বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৭ শতাংশ এই সূচকের আওতায় এসেছে। মূলত তিনটি মূল বিষয়ের ওপর ভিত্তি করে এই শান্তি সূচক তৈরি করা হয়। এগুলো হলো সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং সামরিকীকরণ। এই তিন ক্ষেত্রে ২৩টি সূচক মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নে বাংলাদেশ সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা খাতে ২ দশমিক ৫৭৯, চলমান দ্বন্দ্ব খাতে ২ দশমিক ২৩৭ এবং সামরিকীকরণ খাতে ১ দশমিক ৬১৫ স্কোর পেয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় বরাবরের মতোই সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে ভুটান। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান ১৬তম। এই অঞ্চলের মধ্যে একমাত্র ভুটানই ‘উচ্চ’ শান্তির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, বৈশ্বিক তালিকায় তাদের অবস্থান ৬৭তম। এরপরেই ১১১তম অবস্থান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। অন্যদিকে চলমান দ্বন্দ্বের সূচকে অবনতি হওয়ায় ভারত এই অঞ্চলে পঞ্চম এবং বৈশ্বিক তালিকায় ১২৭তম অবস্থানে নেমে গেছে। ভারতকে ‘নিম্ন’ শান্তির দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া পাকিস্তান ১৫২তম এবং আফগানিস্তান ১৫৭তম স্থান নিয়ে এই অঞ্চলের সবচেয়ে অশান্ত দেশ হিসেবে তালিকায় রয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্বজুড়ে দক্ষিণ এশিয়া অঞ্চলেই শান্তির সবচেয়ে বড় অবনতি ঘটেছে। এই অঞ্চলে শান্তির মাত্রা গড়ে ২ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত চলমান দ্বন্দ্বের কারণে পরিস্থিতি বেশি খারাপ হয়েছে, যা ৭ দশমিক ১ শতাংশ পর্যন্ত অবনতি দেখিয়েছে। এটি এই অঞ্চলের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ অস্থিরতা এবং আন্তসীমান্ত উত্তেজনাকে স্পষ্ট করে।

বৈশ্বিক প্রেক্ষাপটে টানা ১৯ বছরের মতো আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের শীর্ষ স্থান ধরে রেখেছে। শীর্ষ পাঁচের বাকি দেশগুলো হলো নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া এবং আয়ারল্যান্ড। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব তালিকায় সবচেয়ে অশান্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে রাশিয়া। রাশিয়ার পর সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশের তালিকায় রয়েছে সুদান, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, ইউক্রেন ও ইসরায়েল।

প্রতিবেদনের তথ্যমতে, গত এক বছরে বিশ্বব্যাপী শান্তির মাত্রা শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে। এটি বিশ্ব শান্তির ক্ষেত্রে টানা ১২তম বার্ষিক অবনতি। জরিপ করা ১৬৩টি দেশের মধ্যে ৯৯টি দেশে শান্তির পরিস্থিতি খারাপ হয়েছে, আর বিপরীতে উন্নতি হয়েছে মাত্র ৬২টি দেশে।

এই শান্তি সূচকে বাংলাদেশ নিয়ে বিশেষ অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান দ্বন্দ্বের কারণে বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মূলত রপ্তানিনির্ভর এবং জ্বালানি আমদানিকারক দেশ হওয়ায় এই ঝুঁকিতে রয়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ার মতো অর্থনৈতিক ধাক্কা আসতে পারে। বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভরতা, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত হুমকিতে উচ্চ ঝুঁকিতে থাকলেও দেশটির আর্থিক বা রাজস্ব ঝুঁকি তুলনামূলকভাবে কম।

আইইপি সতর্ক করেছে, যদি হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি সংঘাত বা ব্যাঘাত ঘটে, তবে চরম পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি আমদানি ব্যয় দেশের জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এমন চরম সংকটে প্রথম বছরেই বৈশ্বিক জিডিপি শূন্য দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে। এর ফলে দক্ষিণ এশিয়ার জ্বালানি ও খাদ্য আমদানিনির্ভর দেশগুলোই সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে।

সেনাসংকটে ইউক্রেনে যুদ্ধ চালাতে চাপে পুতিন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৩৭ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
সেনাসংকটে ইউক্রেনে যুদ্ধ চালাতে চাপে পুতিন
চলতি বছরের ৯ মে মস্কোর রেড স্কয়ারে রুশ সেনাদের বিজয় দিবসের সামরিক মহড়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল তাদের বিশাল জনসংখ্যা ও সেনাবহর। তবে যুদ্ধের পঞ্চম বছরে এসে পুতিনের সেই মূল শক্তিতে এখন টান পড়েছে। আর্থিক প্রণোদনা দিয়েও এখন আর আগের মতো তরুণদের সেনাবাহিনীতে টানতে পারছে না। একদিকে যুদ্ধক্ষেত্রে রেকর্ডসংখ্যক সেনা নিহত, অন্যদিকে দেশের ভেতরে দেখা দিয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শ্রমিকসংকট।

পশ্চিমা গোয়েন্দা ও অর্থনীতিবিদদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, ক্রেমলিন এখন এক চরম উভয়সংকটের মুখোমুখি। তাদের হয় যুদ্ধের লক্ষ্য সীমিত করতে হবে, না হয় দেশের অর্থনীতিকে পুরোপুরি ঝুঁকির মুখে ফেলতে হবে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সামরিক বাহিনী এখন নতুন সেনা টানতে অবিশ্বাস্য সব অফার দিচ্ছে। কোনো তরুণ চুক্তিবদ্ধ হলে তাকে এককালীন ৮০ হাজার ডলার বোনাস দেওয়া হচ্ছে, যা রাশিয়ার একজন সাধারণ মানুষের গড় বার্ষিক বেতনের চার গুণের বেশি। আবার কারও মাথায় যদি ঋণের বোঝা থাকে, তবে তার ১ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফের ঘোষণাও দেওয়া হচ্ছে। রাস্তার পাশে বড় বড় বিলবোর্ড থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে এখন শুধুই বীর হওয়া বা দ্রুত নাগরিকত্ব পাওয়ার লোভনীয় বিজ্ঞাপনের দেখা মিলছে।

এসব উদ্যোগের পরও সেনা নিয়োগ কমছে। রুশ অর্থনীতি বিশেষজ্ঞ জানিস ক্লুগের তথ্য অনুযায়ী, এই বছরের প্রথম তিন মাসে সেনা নিয়োগ গত বছরের (২০২৫) একই সময়ের চেয়ে ২০ শতাংশ কমেছে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) জ্যেষ্ঠ গবেষক নাইজেল গুল্ড-ডেভিস বলেন, শুধু অর্থ দিয়ে যুদ্ধ জেতা যায় না। রাশিয়ার ইতিহাসে এবারই প্রথম সরকার নাগরিকদের অর্থ দিয়ে যুদ্ধে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু এই বিপুল অর্থের লোভ এখন আর তরুণদের টানতে পারছে না। রাশিয়া এখন প্রতি মাসে যত সেনা হারাচ্ছে, সেই তুলনায় নতুন সেনা নিয়োগ করতে পারছে না।

রাশিয়া এরই মধ্যে হাজার হাজার সাবেক বন্দিকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের সহায়তাও নিয়েছে। পাশাপাশি অভিবাসীদের সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করছে। সম্প্রতি নতুন এক কর্মসূচিতে সেনাবাহিনীতে যোগ দিলে বড় অঙ্কের ঋণ মওকুফের সুবিধাও ঘোষণা দেওয়া হয়েছে।

যুদ্ধের কারণে কর্মক্ষম বিপুলসংখ্যক পুরুষ সেনাবাহিনীতে চলে যাওয়ায় রাশিয়াজুড়ে শ্রমিকসংকট তৈরি হয়েছে। গুল্ড-ডেভিস বলেন, শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, সাধারণ চাকরির ক্ষেত্রেও কর্মী পাওয়া কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার ইতিহাসে এটিই সবচেয়ে বড় শ্রমসংকট। 

পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে কয়েক লাখ মানুষ দেশ ছেড়েছেন। এতে শ্রমিকসংকট আরও বেড়েছে এবং মজুরি ও মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে।

গুল্ড-ডেভিস আরও বলেন, নতুন কারখানা বা অর্থের ব্যবস্থা করা সম্ভব। কিন্তু জনশক্তি বাড়ানো সহজ নয়। কারণ রাষ্ট্র চাইলেই জন্মহার বাড়াতে পারে না। এই পরিস্থিতিতে ভারত, উত্তর কোরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আরও শ্রমিক আনার চেষ্টা করতে পারে ক্রেমলিন।

এর চেয়েও বড় ও ঝুঁকিপূর্ণ পথ হতে পারে দ্বিতীয়বারের মতো জোরপূর্বক সেনা সমাবেশ করা এবং পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া। তবে পুতিন এটি এড়াতে চান, কারণ প্রথমবার এমন উদ্যোগ নেওয়ায় দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি হয়েছিল এবং বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক মারিয়া স্নেগোভায়া মনে করেন, রাশিয়া এখনো কিছুটা সময় পরিস্থিতি সামাল দিতে পারবে। তবে অর্থনৈতিক চাপ দ্রুত বাড়ছে।

তিনি বলেন, রাশিয়ার অর্থনীতি এখন স্থবির হয়ে পড়ছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এবং ভোক্তাদের আস্থা কমছে। মজুরি কিছুটা বাড়লেও তা মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি।

অন্য দিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের প্রযুক্তিগত অগ্রগতি রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) বিশ্লেষক ক্যাটেরিনা স্টেপানেনকো বলেন, বিশেষ করে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইউক্রেন দ্রুত এগিয়ে যাচ্ছে।

চলতি বছরের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, তার বাহিনী প্রথমবারের মতো শুধু ড্রোন ও রোবট ব্যবহার করে একটি রুশ অবস্থান দখল করেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসেই ইউক্রেন তাদের রোবোটিক সিস্টেম বা মানববিহীন স্থল যান(UGV) ব্যবহার করে ২২ হাজারের বেশি স্থল অভিযান চালিয়েছে বলেও তিনি জানান।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কির তথ্য অনুযায়ী, মে মাসে ইউক্রেন প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। একই সময়ে প্রতি মাসে ৩০ থেকে ৩৫ হাজার রুশ সেনা হতাহত হচ্ছেন বলে পশ্চিমা কর্মকর্তাদের ধারণা।

বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের প্রযুক্তিগত সক্ষমতা বাড়লেও রাশিয়া ক্রমেই বেশিসংখ্যক সাবেক বন্দি ও অপ্রশিক্ষিত সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে। এতে তাদের বাহিনীর কার্যকারিতা আগের তুলনায় দুর্বল হয়ে পড়ছে। সূত্র: সিএনএন

নেপালের অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমোদন দেয়নি ভারত

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৩ এএম
নেপালের অতিরিক্ত বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির অনুমোদন দেয়নি ভারত
ভেড়ামারা আন্তঃদেশীয় গ্রিড সাবস্টেশন

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানির ব্যাপারে ভারত সরকার সঞ্চালনের অনুমোদন দেয়নি। ফলে আজ ১৫ জুন থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির কথা থাকলেও তা পারছে না নেপাল। এর ফলে বাংলাদেশে কেবল পূর্বনির্ধারিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎই রপ্তানি করবে দেশটি।

কাঠমান্ডু পোস্টে গতকাল রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি (সিইএ) সঞ্চালন লাইন সক্ষমতার সীমাবদ্ধতার কারণ দেখিয়ে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বাইরে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির অনুমোদন স্থগিত করেছে।

হাজার মেগাওয়াট সক্ষমতার সঞ্চালন লাইনটি নেপালের অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনে সক্ষম নয় বলে দাবি ভারতের।

অতিরিক্ত এই বিদ্যুৎ রপ্তানি করতে হলে একটি সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল-ভারত জ্বালানি সচিব পর্যায়ের যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) সিদ্ধান্তের মতো আরও কিছু আনুষ্ঠানিকতার প্রয়োজন রয়েছে। নেপাল সাধারণত বর্ষা মৌসুমে তাদের উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে। তবে শীতকালে নিজেদের চাহিদা মেটাতে নেপালকে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে হয়।

২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকায় জেএসসি বৈঠকে বিদ্যমান ৪০ মেগাওয়াটের বাইরে অতিরিক্ত আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি বাড়াতে বাংলাদেশ ও নেপাল নীতিগতভাবে সম্মত হয়। ওই বৈঠকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও একটি বোঝাপড়া হয়েছিল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) সে অনুযায়ী অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সুবিধা করে দিতে ভারতের ‘এনটিপিসি বিদ্যুৎ বাপার নিগম লিমিটেড’ (এনভিভিএন)-এর কাছে অনুরোধ করে। তবে নেপালের কর্মকর্তারা বলছেন, এনভিভিএন পরে দাবি করেছে, হাজার মেগাওয়াট সক্ষমতার ভারত-বাংলাদেশ সঞ্চালন লাইনটি এই অতিরিক্ত বিদ্যুৎ পরিবহনে সক্ষম নয়।

এর আগে, বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়টি নেপাল-ভারত জেএসসি বৈঠকের সিদ্ধান্তের মাধ্যমেই চূড়ান্ত হয়। ২০২৪ সালের ৫ জানুয়ারি জেএসসি বৈঠকে নীতিগত চুক্তি হয় যে, নেপাল ভারতের আমদানি-রপ্তানি নির্দেশিকা মেনে এবং ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে পারবে। এ জন্য এনইএ, এনভিভিএন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে নেপাল। বাংলাদেশের কাছে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬.৪০ মার্কিন সেন্ট মূল্যে বিক্রি করছে। অতিরিক্ত ২০ মেগাওয়াটের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য হওয়ার কথা ছিল।

কাঠমান্ডু প্রথম ২০২৪ সালের ১৫ নভেম্বর মাত্র ১২ ঘণ্টার জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল। নেপালের এই বিদ্যুৎ ধলকেবার-মুজাফফরপুর ৪০০ কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে ভারতে প্রবেশ করে এবং সেখান থেকে বহরমপুর-ভেড়ামারা ৪০০ কেভি লাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছায়। বর্তমানে বাংলাদেশে রপ্তানি অনুমোদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নেপালের ‘ত্রিশূলী’ এবং ‘চিলিম’ জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত হচ্ছে। এই প্রকল্পগুলো ভারতেও বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পেয়েছে। বাংলাদেশের জন্য প্রস্তাবিত অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎও এই প্রকল্পগুলো থেকে রপ্তানি হওয়ার কথা ছিল।

ট্রিলিয়নিয়ার হলেও ইলন মাস্ক থাকেন ৪০০ ফুটের ছোট্ট বাড়িতে

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:২৯ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৩১ এএম
ট্রিলিয়নিয়ার হলেও ইলন মাস্ক থাকেন ৪০০ ফুটের ছোট্ট বাড়িতে
ইলন মাস্ক। ছবি: খবরের কাগজ

কয়েক দিন আগেই বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর তার সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। তবে বিপুল এই সম্পদের মালিক হয়েও মাস্কের ব্যক্তিগত জীবনযাপন অনেকটাই সাধারণ। তিনি টেক্সাসে স্পেসএক্সের ঘাঁটির কাছে একটি ছোট্ট বাড়িতে থাকেন।

প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার স্পেসএক্স ৫৫৫ মিলিয়নের বেশি শেয়ার ১৩৫ ডলার দামে বিক্রি করে ৭৫ বিলিয়ন ডলার আয় করে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১.৭৭ ট্রিলিয়ন ডলারে। পরদিন শেয়ারের দাম প্রায় ২০ শতাংশ বেড়ে ১৬২ ডলারে পৌঁছায়। স্পেসএক্স ও টেসলার শেয়ারগুলো হিসাবে নেওয়ার পর মাস্কের মোট সম্পদ ট্রিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়ে যায়।

ফরচুন ম্যাগাজিনের মতে, মাস্কের সম্পদ অকল্পনীয় পর্যায়ে পৌঁছালেও টেক্সাসে তার দিন কাটে একটি ছোট বাড়িতে। ২০২০ সালে টেক্সাসে তার কোম্পানিগুলো স্থানান্তর করার পর, মাস্ক ক্যালিফোর্নিয়ায় তার বেশির ভাগ বিলাসবহুল সম্পত্তি বিক্রি করে দেন। তিনি অস্টিন শহরের কাছে প্রায় ৩৫ মিলিয়ন ডলার মূল্যের বেশ কয়েকটি সম্পত্তি কিনলেও তার প্রধান বাসস্থান হলো টেক্সাসের বোকা চিকায় স্পেসএক্স-এর স্টারবেস স্থাপনার কাছে অবস্থিত ছোট্ট একটি জায়গা।

২০২১ সালে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, তার প্রধান বাসস্থান স্পেসএক্সের কাছ থেকে ভাড়া নেওয়া বোকা চিকার স্টারবেজ এলাকার প্রায় ৫০ হাজার ডলার মূল্যের একটি বাড়ি। বাড়িটি নির্মাণ করেছে হাউজিং স্টার্টআপ বক্সাবল। যার আয়তন মাত্র ৪০০ বর্গফুট। ছোট এই ঘরে বসার জায়গা, শোবার স্থান, রান্নাঘর এবং বাথরুম রয়েছে।

যদিও মাস্কের ব্যক্তিগত বাসস্থান ছোট, তবে তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকানায় টেক্সাসের অস্টিন শহরের অভিজাত ওয়েস্ট লেক হিলস এলাকায় কয়েকটি বড় বাড়ি রয়েছে বলে জানা গেছে। এসব বাড়ির আয়তন ৬ হাজার থেকে ৯ হাজার বর্গফুট। সেখানে সুইমিং পুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

মাস্ক তার কাজের জায়গার কাছাকাছি থাকতে পছন্দ করেন। তার জীবনী লেখক ওয়াল্টার আইজ্যাকসন ২০২৩ সালে মাস্কের বাড়ির একটি ছবি প্রকাশ করে এটিকে ‘সাধারণ দুই শয়নকক্ষের বাড়ি’ হিসেবে বর্ণনা করেছিলেন। সূত্র: এনডিটিভি

মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১১:৪২ পিএম
মমতার দলে সংকট আরও গভীর, বিদ্রোহী এমপি বেড়ে ২২
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে ভাঙনের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে এবার নিজেদের শক্তি বৃদ্ধির দাবি করল তৃণমূলের বিদ্রোহী শিবির। বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পক্ষে থাকা সংসদ সদস্যের (লোকসভার এমপি) সংখ্যা আগের চেয়ে আরও বেড়েছে। পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটিকে বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিদ্রোহী শিবিরের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য কাকলি ঘোষ দস্তিদার। তিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকর্মী হিসেবে পরিচিত ছিলেন। বিদ্রোহীদের নেতা নির্বাচিত হওয়ার পর কাকলি ঘোষ দস্তিদার গতকাল রবিবার জানান, তাদের পক্ষে থাকা এমপির সংখ্যা ২০ থেকে বেড়ে এখন ২২ জনে দাঁড়িয়েছে।

রবিবার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে যারা অসন্তোষ প্রকাশ করছিলেন, আমরা তাদের সবার সঙ্গে কথা বলেছি। আরও দু-একজন আমাদের সঙ্গে যোগ দেবেন। আগে আমি ২০ জনের কথা বলেছিলাম, এখন সেই সংখ্যাটি ২২ হয়েছে। আমরা এখানে সবার মতামত শুনব। দলে আলোচনা হবে, কোনো একনায়কত্ব চলবে না।’

তবে নতুন করে যোগ দেওয়া ওই দুই সংসদ সদস্যের নাম এখনই প্রকাশ করতে রাজি হননি তিনি। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে তারা বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার পরেই নাম ঘোষণা করা হবে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, আজ সোমবার লোকসভার স্পিকারের সঙ্গে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে আলাদা একটি স্বতন্ত্র গোষ্ঠী বা ব্লক হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন জানিয়ে এক সপ্তাহ আগে স্পিকারকে চিঠি দিয়েছিলেন এই বিদ্রোহী সংসদ সদস্যরা। সেই চিঠির সূত্র ধরেই এই বৈঠক হতে যাচ্ছে।

স্পিকারের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই জাতীয় রাজনীতিতে বড় ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল সন্ধ্যায় দিল্লির বিজেপি সংসদ সদস্য ভূপেন্দর যাদবের বাসভবনে গিয়ে হাজির হন তৃণমূলের চার বিদ্রোহী এমপি— শতাব্দী রায়, মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। সেখানে বিজেপির আরেক প্রভাবশালী এমপি নিশিকান্ত দুবেও উপস্থিত ছিলেন।

এর আগের দিন অর্থাৎ গত শনিবার তৃণমূলের ছয়বারের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন। তিনি আনুষ্ঠানিকভাবে এখনো নিজের অবস্থান পরিষ্কার করেননি। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে, তিনি বিদ্রোহী শিবিরকেই সমর্থন করতে যাচ্ছেন।

তৃণমূলের সবচেয়ে অভিজ্ঞ সংসদ সদস্যদের মধ্যে সুদীপ অন্যতম। রাজনৈতিক সূত্রগুলো বলছে, তিনি এই শিবিরে যোগ দিলে বিদ্রোহীদের রাজনৈতিক শক্তি ও অভিজ্ঞতা বহু গুণ বেড়ে যাবে। তবে সূত্রের খবর, বিদ্রোহী শিবিরের ভেতরে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব নিয়ে কিছু এমপি আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন। বেশ কয়েকজন তাকে নেতা হিসেবে মেনে নিতে ইতস্তত করছিলেন। এমন পরিস্থিতিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘটলে তিনিই এই অসন্তুষ্ট গোষ্ঠীর প্রধান বা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে অন্তত ৬০ জন ইতোমধ্যেই একটি বিদ্রোহী উপদলে যোগ দিয়েছেন। তারা দলের মূল নীতি মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছেন।

 সূত্র: এনডিটি