বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কঠোর নজরদারিতে (মনিটরিং) নিজস্ব তত্ত্বাবধানে চলবে। থাকছে না রিসিভার। বুধবার (১২ মার্চ) এই রায় দেন আদালত। এই গ্রুপে রিসিভার নিয়োগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
সংশ্লিষ্ট রুল শুনানিতে আদালতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মো. মনিরুজ্জামান। অপরপক্ষে ছিলেন আইনজীবী মাসুদ আর সোবহান।
এর আগে বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট। গত ৫ সেপ্টেম্বর এই নির্দেশ দেন আদালত। কেন্দ্রীয় ব্যাংককে এ নির্দেশনা বাস্তবান করতে বলা হয়।বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।
মাহমুদুল আলম/এমএ/