সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
রবিবার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। রায়ে তারা সন্তুষ্ট বলে জানান।
এ ছাড়া রায়ে সন্তোষ প্রকাশ করে তাদের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, ‘মামলার সাক্ষীদের সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন বিচারক।’
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৯ এপ্রিল দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মাহফুজা। তাদের বিরুদ্ধে পাঁচ কোটি এক লাখ ৩১ হাজার ৭৭৩ টাকা সম্পদের তথ্য গোপন ও আট কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে একই বছরের ১৯ জুলাই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক নুর জাহান। ওই বছরের ২৯ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ আদেশের বিরুদ্ধে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুলু। হাইকোর্ট দুলুর আবেদন গ্রহণ করে ২০১২ সালের ১৮ জুলাই মামলা বাতিল করেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে দুদক।
২০১৫ সালের ২ নভেম্বর আপিল বিভাগ দুদকের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় বাতিল করেন। নিম্ন আদালতে মামলার বিচার চলবে মর্মে আদেশ দেন। পরে বিচারিক আদালতে দুলু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার কার্যক্রম আবার শুরু হয়। বিচার চলাকালে মামলার অভিযোগপত্রভুক্ত ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
উজ্জ্বল/সালমান/