ফরিদপুরের মধুখালিতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে স্বামী মো. নাছের ঠাকুরকে (৪০) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ শামীমা পারভীন রায় ঘোষণা করেছেন।
রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
নিহত স্বপ্না বেগমের (২৫) বাবার বাড়ি একই উপজেলার দাড়িরপাড় গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২ সালে মো. নাছের ঠাকুর ও স্বপ্না বেগম পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই নাছের যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করতেন। ২০১৬ সালের ২১ মার্চ এক লাখ টাকা যৌতুক না পেয়ে তিনি স্বপ্নাকে মারধর করে নিজের বসতঘরে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
ঘটনার পর স্বপ্নার বড় ভাই মো. আলী শেখ (৩৯) মধুখালি থানায় নাছের ঠাকুরকে প্রধান আসামি এবং তার চার ভাইকে সহযোগী আসামি করে মামলা করেন।
আদালতের পিপি গোলাম রব্বানী রায় সম্পর্কে বলেন, ‘আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। কিছুটা দেরি হলেও প্রমাণ হলো, অপরাধীরা পার পায়নি। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।’
সঞ্জিব দাস/রিফাত/