ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
২-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের সিরিজ হারের পর বাংলাদেশ শিবিরে দুসংবাদ হোর্হে মেসির গুজব ছড়ানোয় বরখাস্ত তিস্তা মহাপরিকল্পনা শিগগিরই একনেকে পাস হবে: পানিসম্পদমন্ত্রী চাঁদপুরের সানজিদার বিশ্বজয়, যুক্তরাষ্ট্রে ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি জাবিতে শিক্ষামন্ত্রীর আগমনে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি মরক্কোর অধিনায়ক হাকিমি গণপিটুনির শিকার চার ডিবি সদস্য গ্রেপ্তার, অপহরণ চেষ্টার মামলা শিশুস্বাস্থ্যে বড় উদ্যোগ, ৬ মাসে চালু ৫ বিশেষায়িত হাসপাতাল জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপে মরক্কোর নতুন বিস্ময় আয়ুব বুয়াদ্দি সংবাদ প্রকাশের জেরে বগুড়ার সাংবাদিক কারাগারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের ২৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

খয়রালেজ কাঠশালিক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
খয়রালেজ কাঠশালিক
রমনা পার্কে দেখা খয়রালেজ কাঠশালিক  ছবি: লেখক

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের একটি গ্রামের নাম হবিনগর। এই গ্রামের এক বাড়িতে একটি বড় মান্দারগাছ আছে। গাছটির একটি শুকনা ডাল আড়াআড়িভাবে ধানখেতের সমতলে হেলানো ছিল। সেই ডালের ফোকরে কয়েক বছর আগে বাসা করেছিল এক জোড়া লাল টুপি জর কাঠঠোকরা। পাশে ছিল বিশাল ধানখেত, চারদিক নির্জন। এ রকম একটা নির্জন জায়গায়ই পাখিদের বাসা বাঁধার লাগসই স্থান। একদিন একঝাঁক রূপালি ধূসর রঙের পাখি উড়ে এসে সেই শুকনা ডালটিতে বসল। তারা সংখ্যায় ছিল ১০ থেকে ১২টি। তারা সুরেলা গান ধরল। এরপর এক এক করে সব পাখি কাঠঠোকরার সেই ফোকরে ঢুকল, আবার বেরিয়ে এল। কিছুক্ষণ পর রুরু... স্বরে ডাক দিয়ে উড়ে গেল। এর কিছুদিন পর দুটি পাখি এসে ফোকরটি দখল করল। খড়কুটো ঠোঁটে করে বাসায় জমাতে শুরু করল। পাখি দুটি ছিল খয়রালেজ কাঠশালিক।

ভাতশালিক যেমন সহজেই মানুষের বন্ধু বনে যায়, খয়রালেজ কাঠশালিক কিন্তু তার উল্টো। এরা লাজুক স্বভাবের। লোকজনের কাছে ঘেঁষে না। এরা গাছের মগডালে, পাতার আড়ালে ছোট বা বড় দলে একসঙ্গে থাকে। একটি দলে ৫ থেকে ২০টি পর্যন্ত পাখি থাকে। এরা ময়না ও অন্য শালিকদের সঙ্গে একত্রে খাবার খায়। এদের কণ্ঠ তীক্ষ্ণ, কাঁপা কাঁপা শিস দিয়ে উড়ে চলে। গাছের শাখায় শাখায় খাবার খুঁজে বেড়ায়। সাধারণত সকালের আভা ফুটলেই ঝাঁক বেঁধে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। চমৎকার ভঙ্গিতে ফুলের গুচ্ছে, গাছের ফোকরে কিংবা ফলের সঙ্গে লেপ্টে থাকে। কিছু সময় পরপরই দল বেঁধে আকাশে উড়াল দেয়। তারপর আবার এক স্থানে আগের মতো জাঁকিয়ে বসে। নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে লোকেরা এ শালিককে বলে তেলঢুপি।

স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। দেহ লম্বায় ২০ সেমি। গায়ের পালক রূপালি ধূসর। বুক গাঢ় লালচে বাদামি। পা পাটকিলে হলুদ। ঠোঁটের গোড়া নীল, ডগা হলদেটে। লেজ কালচে, লেজের মাঝের কিছু পালক রূপালি ধূসর। কিশোর বয়সীদের রং বিবর্ণ ধুলোট ও ধূসর। নিচের অংশ বিবর্ণ হলদেটে। এদের খাবার তালিকায় আছে পাকা ডুমুর, বট, পিপুল, কীটপতঙ্গ প্রভৃতি। গাছের পুরোনো বাকলের নিচে ও ফাঁকফোকরে কীটপতঙ্গ খুঁজে বেড়ায়। ফুলের মধু ও খেজুরের রস এদের খুব প্রিয়। কাঠশালিক বসন্তে পলাশ ও শিমুল ফুলের মৌলোভী কীটপতঙ্গ খেতে আসে। দেশের সব জেলাতেই খয়রালেজ কাঠশালিক আছে। হালকা ঝোপ, বাগান, সদ্য গজিয়ে ওঠা বন, কখনো গ্রাম ও শহরের চারপাশে খয়রালেজ কাঠশালিক দেখা যায়।

খয়রালেজ কাঠশালিক বেশির ভাগ সময় দলে চলে। তবে গ্রীষ্মে ডিম পাড়ার আগে দল থেকে আলাদা হয়ে যায়। এ সময়ে জোড়ায় জোড়ায় ডালে বসে নিচু স্বরে কী যেন বলাবলি করে। এরা ১০ থেকে ২৫ ফুট উঁচু গাছের ফোকরে বাসা বাঁধে। পুরোনো দেয়ালের ফাঁকে, পাইপের ছিদ্রেও এদের বাসা বাঁধতে দেখা যায়। এরা বাসা বানাতে শুকনা ঘাস, খড়কুটো আর পাখির পালক জোগাড় করে। বাসা করার সময় অঞ্চল ও স্থানীয় অবস্থার ওপর নির্ভর করে। এরা ডিম পাড়ে ৩ থেকে ৫টি। ডিমের রং ফিকে নীল। ১৫ থেকে ২১ দিনের মধ্যে ডিম ফোটে। মা ও বাবা পাখি মিলে বাচ্চাদের দেখাশোনা করে। বাচ্চারা উড়তে শিখলে মা-বাবার সঙ্গে ডালে ডালে ঘুরে বেড়ায়।

লেখক: নিসর্গী ও পরিবেশবিদ, জার্মান অ্যারোস্পেস সেন্টার

ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
স্টার্জন মাছ।

চীনের সিছুয়ান প্রদেশের চিয়াং’আন কাউন্টিতে ইয়াংজি নদীর উজান অংশে ইয়াংজি স্টার্জন মাছকে ঘিরে রচিত হচ্ছে আশাব্যঞ্জক নতুন অধ্যায়। সেখানে এখন বুনো পরিবেশেই এ মাছের প্রজনন ঘটে চলেছে। 


ইয়াংজি স্টার্জন হলো পৃথিবীর প্রাচীনতম মেরুদণ্ডী প্রাণীগুলোর একটি। ডাইনোসরদের যুগেও এরা ছিল। এখন শুধু ইয়াংজি নদী অববাহিকায় পাওয়া এই মাছ চীনের প্রথম শ্রেণির জাতীয় সুরক্ষাপ্রাপ্ত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত।


২০২২ সালের জুলাইয়ে আন্তর্জাতিক প্রকৃতি সুরক্ষা ইউনিয়ন ইয়াংজি স্টার্জনকে প্রকৃতিতে বিলুপ্ত ঘোষণা করেছিল। এরপর থেকে চীন এই বিরল প্রজাতি রক্ষায় ব্যাপক উদ্যোগ নেয়। এরপরই এ মাছটি ধরায় নিষেধাজ্ঞা, আইনগত সুরক্ষা, কৃত্রিম প্রজনন, নদীতে মাছ অবমুক্তকরণ এবং প্রাকৃতিক পরিবেশে স্বাভাবিক প্রজনন উৎসাহিত করার কর্মসূচি শুরু হয় জোরেসোরে।

 


২০২২ সালের শেষ দিকে একাধিক গবেষণা প্রতিষ্ঠান ইয়াংজি স্টার্জনের বন্য পরিবেশে প্রজনন ঘটানোর লক্ষ্যে পরীক্ষামূলক প্রকল্প শুরু করে। সেই প্রচেষ্টার ফল পাওয়া যায় চলতি বছরের ১৪ এপ্রিল, যখন একটি বৈজ্ঞানিক দল ঘোষণা করে—প্রথমবারের মতো মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রাকৃতিক ডিম পাড়ার স্থানে ইয়াংজি স্টার্জনের ডিম পাড়া এবং সফলভাবে পোনা ফোটার ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে।


গবেষকদের মতে, এটি প্রকৃতিতে বিলুপ্ত ঘোষিত একটি প্রজাতির সংখ্যা বৃদ্ধির পথে ঐতিহাসিক অগ্রগতি এবং ইয়াংজি নদীর পরিবেশগত পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।


পূর্ব চীন সাগর ফিশারিস গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক চুয়াং পিং জানালেন প্রাকৃতিক প্রজননের এই ঘটনা অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এটি প্রমাণ করে ইয়াংজি নদীর পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম ইতিবাচক ফল দিচ্ছে।


তিনি আরও উল্লেখ করেন, শুধু উজান অংশেই ১০০টিরও বেশি বিরল মাছের প্রজাতি রয়েছে, যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তাই ইয়াংজি স্টার্জনের দীর্ঘমেয়াদি পুনরুদ্ধারের জন্য পুরো নদী অববাহিকার বাস্তুতন্ত্রের সুস্থতা নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি।


ভবিষ্যতে গবেষকরা ডিম পাড়ার স্থানের পরিবেশগত পরিবর্তন সারা বছর পর্যবেক্ষণ করবেন এবং স্টার্জনের অভিবাসন আচরণ নিয়ে গবেষণা চালিয়ে যাবেন, যাতে প্রাকৃতিক প্রজনন কর্মসূচির সাফল্য বৈজ্ঞানিকভাবে মূল্যায়ন করা যায়। সূত্র: সিএমজি

দেখা পেলাম দুষ্প্রাপ্য চামেলির

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১৯ জুন ২০২৬, ১০:৩৪ এএম
দেখা পেলাম দুষ্প্রাপ্য চামেলির
মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যানে সম্প্রতি ফোটা চামেলি ফুল। ছবি: লেখক

‘গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠের ত্রিশ তারিখ, সকাল সাতটা সাঁইত্রিশ মিনিট। অবশেষে দেখা হলো চামেলির সঙ্গে। আহা কী শুভ্র স্নিগ্ধ ফুল! তীব্র সুগন্ধে ভরা ফুলের ঝোপটার নিচে দাঁড়িয়ে আমি বিমোহিত হয়ে গেলাম। এক অনাবিল আনন্দে মনটা ভরে উঠল। আহা, কতদিন যে এই ক্ষণটির জন্য অপেক্ষা করেছি!’

গত বসন্ত থেকে প্রতি মাসেই দু-চারবার করে জাতীয় উদ্ভিদ উদ্যানে যাই আর চামেলিকে দেখব বলে নার্সারির গেটে কড়া নাড়ি, লতানো ঝোপটার কাছে যাই। প্রতিবারই হতাশ হই। অবশেষে ১২ জুন বৃক্ষবন্ধু আজহার ভাইয়ের একটা পোস্টে চামেলি ফুলের ছবি দেখে ভোর হতেই ছুটে যাই সে ফুল চাক্ষুষ করতে। রোদের তেজ নেই, ফুল সকালেও সতেজ রয়েছে।

কত জায়গায় যে খুঁজেছি চামেলিকে! কিন্তু প্রতিবারই হতাশ হয়ে ফিরে এসেছি। এর আগে রমনা ও বলধায় খুঁজেছি চামেলিকে, দেখা পাইনি। নিসর্গী বিপ্রদাশ বড়ুয়া বলেছিলেন, চামেলি হাউসে (সিরডাপ) চামেলি আছে, এখন সেখানেও নেই। অবশেষে জাতীয় উদ্ভিদ উদ্যানের এই সবেধন নীলমণি একটি গাছের চামেলি ফুলকে দেখে নজরুলসংগীতের একটা লাইন মনে পড়ল–‘বনে মোর ফুটেছে হেনা চামেলি যূথী বেলি।’

পাঁচ পাপড়ির ফুলগুলো যেন সদ্যঃস্নাতা রমণী, পবিত্র ও শুভ্র। মিষ্টি গন্ধের নেশায় তার কাছে ছুটে গেলাম। খুব কাছ থেকে এই প্রথম চামেলিকে দেখা। চামেলি ফুলকে একজন সুন্দরী রমণীর সঙ্গে তুলনা করা বোধহয় ভুলই হলো। কেননা, সে তুলনা তো কবি কাজী নজরুল ইসলামই করতে পারেননি। তার একটি গানেই তিনি এ কথা স্বীকার করে লিখেছেন: ‘গোলাপ বেলী যুঁই চামেলী–কোন্ ফুল তারি তুল্ গো/ তার যৌবন-নদী বয় নিরবধি ভাসায়ে দুকূল গো..।’ চামেলির সঙ্গে আর কোনো ফুলের তুলনাই যেন হয় না। চামেলি যেন কবিদের ফুল, এ জন্য এর এক ইংরেজি নাম রাখা হয়েছে পোয়েট’স জেসমিন।

চামেলিকে দেখে মনে হলো, ফুল ও নারী–এর মধ্যে কোনটি বেশি সুন্দর? ফুল যেমন বীজ উৎপাদী, নারী তেমন সন্তান উৎপাদী। দুটিই উর্বরতার প্রতীক। প্রকৃতিকে টিকিয়ে রাখতে এ দুটি সত্তারই প্রয়োজন অনিবার্য, এ দুটির কোনো একটি না থাকলেই এ বিশ্ব সৃষ্টিতে ঘটবে চরম বিশৃঙ্খলা। এসব কথা চিন্তা করতে করতেই ভাবলাম চামেলিকে নিয়ে বাংলা সাহিত্যে কত যে মাতামাতি, সেই চামেলি এখন আমার সামনে ফুটে রয়েছে, লতায় লতায় দোল খাচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কেননা, চামেলি এ দেশে দুষ্প্রাপ্য ফুল বলে প্রকৃতিবন্ধু মোকারম হোসেন তার বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম বইয়ে লিখেছেন। সেই দুষ্প্রাপ্য ফুলকে দেখতে পাব ভাবিনি। সঙ্গে ছিলেন আরেক প্রকৃতিবন্ধু সৌমিক। দুজনে তখন চামেলির ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠলাম।

চামেলির আরেক বাংলা নাম জাঁতি। চামেলি জুঁইজাতীয় ফুল হলেও জুঁই ফুলের সঙ্গে এর কিছুটা পার্থক্য আছে। সেটি খুব ভালো করে খেয়াল না করলে চামেলিকেই জুঁই বলে মনে হতে পারে। চামেলি ফুল জুঁই ফুলের চেয়ে বড়, পাপড়ি জুঁই ফুলের চেয়ে লম্বা ও সরু, কিন্তু রং ও সুগন্ধ প্রায় জুঁই ফুলের মতোই, যেন আতরের ঘ্রাণমাখা। প্রধানত গ্রীষ্ম-বর্ষায় ফুল ফোটে।

চামেলি ফুলের উর্দু নাম চাম্বেলী। ধারণা করা হয়, সেই উর্দু নাম কালক্রমে বাংলায় হয়েছে চামেলী বা চামেলি। চামেলি মূলত সংস্কৃত ভাষার মিলগত স্ত্রীবাচক নাম, যা সৌন্দর্য, পবিত্রতা, ভালোবাসা ও সুগন্ধকে প্রকাশ করে। এর ইংরেজি নাম স্প্যানিশ জেসমিন ও রয়্যাল জেসমিন। সব জুঁইজাতীয় ফুলকেই জেসমিন বলা হয়, পার্সি ভাষায় বলে ইয়াসমিন। সেখান থেকেই এর গণগত নাম হয়েছে জেসমিনাম ও প্রজাতিগত নাম Jasminum grandiflorum. গ্র্যান্ডিফ্লোরোম অর্থ ‘মিষ্টি সুগন্ধযুক্ত’, গোত্র ওলিয়েসি।

চামেলি একটি চিরসবুজ কাষ্ঠল লতা। লতার গিঁট থেকে কোনো আকর্ষি বের হয় না। প্রতিটি গিঁটের দুপাশে বিপরীতমুখীভাবে দুটি যৌগিক পক্ষল পাতা জন্মে। পত্রক ডিম্বাকার, ছোট, অগ্রভাগ সরু, চকচকে সবুজ, মসৃণ। বাইতে দিলে এ গাছ ২ থেকে ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। তবে গাছ ছেঁটে ছোট করে রাখা যায়। ফুলের পাপড়ি সাদা, সুগন্ধী ও ফোটা ফুলের বিস্তৃতি প্রায় ৫ সেন্টিমিটার। গাছ কষ্ট সইতে পারে, দিনের প্রখর রোদ ও গরমেও গাছের ক্ষতি হয় না, এমনকি রাতে নিম্ন তাপমাত্রাতেও গাছের কোনো ক্ষতি হয় না। ধীর বৃদ্ধিসম্পন্ন গাছ, বিশেষ করে চারা লাগানোর পর প্রথম দুই বছর পর্যন্ত বাড়ে কম, ভোরে ফুল ফোটে, বেলা বাড়লেই নেতিয়ে যায়। বীজ ও গুটিকলমের মাধ্যমে চারা তৈরি করা যায়।

লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ

সবুজ পাতায় সাদা ফুলের গালিচা

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৮:২২ এএম
সবুজ পাতায় সাদা ফুলের গালিচা
ময়মনসিংহের কাচারিঘাটের নার্সারিতে ফোটা সাদা পর্তুলাকা ফুল ছবি: লেখক

পর্তুলাকা আমাদের কাছে মূলত ‘টাইম ফুল’ বা ‘নাইন ও-ক্লক’ হিসেবে বেশি পরিচিত। এর সাদা রঙের জাতটি বাগানের সৌন্দর্য বর্ধনে এবং ভেষজ চিকিৎসায় এক অনন্য স্থান দখল করে আছে। এর বৈজ্ঞানিক নাম Portulaca Oleracea, এটি Portulacaceae পরিবারের বীরুৎ। এটি সাধারণত একবর্ষজীবী বা বহুবর্ষজীবী রসালো প্রকৃতির লতানো উদ্ভিদ। অনেকের কাছে এই ফুল ‘মস রোজ’ নামে পরিচিত। 

সাদা পর্তুলাকা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং এর শারীরিক গঠন শুষ্ক পরিবেশেও টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। এর কাণ্ড নরম, মাংসল ও রসালো এবং মাটির বুক ঘেঁষে লতানো প্রকৃতির হয়ে থাকে। কাণ্ড সাধারণত মসৃণ এবং সবুজ বা হালকা লালচে-বেগুনি রঙের হয়।
পাতাগুলো আকারে ছোট, পুরু, চামড়ার মতো মসৃণ এবং রসালো। এগুলো কাণ্ডের সঙ্গে পর্যায়ক্রমিক বা বিপরীতমুখীভাবে সাজানো থাকে। পাতাগুলো পানি ধরে রাখতে পারে যা উদ্ভিদটিকে খরাসহিষ্ণু করে তোলে।

এর প্রধান আকর্ষণ হলো এর ধবধবে সাদা ফুল। ফুলগুলো সাধারণত ডালের একদম মাথায় গুচ্ছ আকারে ফোটে। এতে ৫টি নরম পাপড়ি থাকে এবং মাঝখানে হলুদ রঙের পুংকেশর দৃশ্যমান হয়, যা সাদা পাপড়ির মাঝে এক অপূর্ব বৈপরীত্য তৈরি করে। এই ফুলের সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো এর ফোটার সময়। সাধারণত কড়া রোদ না উঠলে এই ফুল ফোটে না। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ফুলগুলো পূর্ণতা পায় এবং বিকেল হতেই আবার বুজে যায়। এই কারণেই একে ‘টাইম ফুল’ বলা হয়।

ফুল শুকিয়ে যাওয়ার পর সেখানে ছোট ছোট ডিম্বাকার ক্যাপসুল বা ফল তৈরি হয়। এই ফলের ভেতর অসংখ্য ক্ষুদ্র, কালচে বা ধূসর রঙের বীজ থাকে। বাতাসের মাধ্যমে বা মাটিতে পড়ে এই বীজ থেকেই খুব সহজে নতুন চারা গজায়।

সাধারণত আমরা একে কেবলই শোভাবর্ধনকারী উদ্ভিদ মনে করলেও, এর রয়েছে নানাবিধ পুষ্টি ও ঔষধি গুণ। অন্যান্য পর্তুলাকা ফুলের মতো সাদা পর্তুলাকার রয়েছে নান্দনিক ও উদ্যানতাত্ত্বিক গুরুত্ব। সাদা পর্তুলাকা খুব কম পরিচর্যাতেই ঘন হয়ে চমৎকার একঝাঁক সাদা ফুলের গালিচা তৈরি করতে পারে। বারান্দার ঝুলন্ত টবে বা ছাদবাগানের রক গার্ডেনে এই লতানো গাছটি লাগালে তা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তীব্র খরা বা কড়া রোদেও এই গাছ মরে না। ফলে ব্যস্ত মানুষের বাগানের জন্য এটি একটি আদর্শ উদ্ভিদ।

সাদা পর্তুলাকার রয়েছে কিছু ভেষজ গুণ। পর্তুলাকা বা পার্সলেন উদ্ভিদে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা হৃদযন্ত্রের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী। এতে রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি এবং ভিটামিন-ই, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের বার্ধক্য রোধে সাহায্য করে। ঐতিহ্যগত চিকিৎসায় এর রস পেটের অসুখ, আমাশয় এবং লিভারের নানাবিধ সমস্যায় পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ গাছের রস পোকা-মাকড়ের কামড়, হালকা পুড়ে যাওয়া বা ত্বকের অ্যালার্জি দূর করতে বাহ্যিকভাবে ব্যবহার করা হয়।

এর উজ্জ্বল হলুদ পুংকেশর ও সাদা পাপড়ি মৌমাছি, প্রজাপতি এবং অন্যান্য পরাগায়নকারী কীটপতঙ্গকে তীব্রভাবে আকর্ষণ করে, যা আশপাশের পরিবেশের পরাগায়নে সহায়তা করে। লতানো স্বভাবের কারণে এটি মাটির উপরিভাগ দ্রুত ঢেকে ফেলে, যা তীব্র রোদে মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে।

সাদা পর্তুলাকা শুধু একটি সাধারণ ফুলগাছই নয়, বরং এটি প্রকৃতি, স্বাস্থ্য এবং সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। স্বল্প যত্নে বেশি আনন্দ পেতে আপনার ঘরের বারান্দা বা ছাদবাগানে অনায়াসেই এই গাছের জায়গা হতে পারে।

লেখক: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।

চমৎকার জয়ফুল মথ

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৮:৪০ এএম
আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৪৯ এএম
চমৎকার জয়ফুল মথ
খুলনার দৌলতপুরে সম্প্রতি দেখা জয়ফুল মথ।

জ্যৈষ্ঠ মাসে সাধারণত প্রচণ্ড গরম পড়ে। তবে এ বছরের ৩০ মে ভোরবেলাটা অন্যরকম লাগছিল। মেঘমাখা রোদ্দুর আর বিস্তীর্ণ পাটখেতের গাছগুলোর হাওয়া, তার পাশের আইল দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন এক আলাদা প্রশান্তি পাচ্ছিলাম। পাটগাছগুলো আমার বুক বা মাথা সমান লম্বা হয়েছে, কোনো কোনো গাছের ডগার পাতাগুলো ডিঙি নৌকার মতো কুঁকড়ে গেছে।

কাছে গিয়ে কিসে এমন হলো তা পরখ করতে দাঁড়িয়ে পড়লাম। অনুমান, পাটের লাল মাকড়ই পাটগাছের এ দশা করেছে। তবু না দেখে বিশ্বাস নেই। পাতা উল্টে দেখার চেষ্টা করলাম। নাহ্, মাকড়রা এত ক্ষুদ্র হয় যে সেগুলো আতশ কাচ দিয়ে দেখা ছাড়া বোঝার উপায় নেই। কিছু সাদাটে আঁশের মতো দেখতে পেলাম। তাতে অনুমান সত্য বলে মনে হলো। আরও কোনো পোকামাকড় পাটগাছে পাই কি না, তা খুঁজতে লাগলাম। 

ডগায় একটি বড় বাদামি রঙের কেড়ি পোকার দেখা পেলাম। ওরা বোধ হয় ভালো দেখতে পায়। কিছুতেই নিজেকে আড়ালে রাখতে ছাড়ছে না। আমি যতই তার কাছে গিয়ে ছবি তোলার চেষ্টা করি, ততই সে স্থান বদলায়। ফোকাসই করতে পারছিলাম না। দু-একটি ছবি তুলে শেষে হাল ছাড়তে হলো। কেননা ওটা হঠাৎ টুপ করে লাফ দিয়ে নিচে পড়ে হারিয়ে গেল। ওটাকে খুঁজতে গিয়েই খুলনার দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিশাল পাটখেতের মধ্যে ঘাগড়া আগাছার পাতার ওপর দেখতে পেলাম আরেকটি পোকাকে।

পোকাটি এত্ত ছোট যে কেউ ভালো করে খেয়াল না করলে তাকে দেখাই যায় না। লম্বা আধা সেন্টিমিটারের চেয়ে একটু বেশি হতে পারে, তবে এক সেন্টিমিটার হবে না। কিন্তু পোকাটির রং-রূপ আমাকে মুগ্ধ করল। এত ক্ষুদ্র একটি পোকার দেহে প্রকৃতির কোন শিল্পী এত রূপ দিয়েছে? বিস্ময়কর! 

কালচে বাদামি পাখার ওপর হলদে-সাদা কয়েকটি ফোঁটা, প্রাকৃতিক রংগুলোর এমন সামঞ্জস্যপূর্ণ মিল বা ম্যাচিং ফুল, কুঁড়ি ও পাতায় বহুবার দেখেছি। কিন্তু পোকার ক্ষেত্রে এটি যেন আমার কাছে আরও বেশি বিস্ময়কর বলে মনে হয়।

জানি যে ওদের এই আকর্ষণীয় রং ও চেহারা রাখতে হয় সাথিকে মিলনে আমন্ত্রণের জন্য, কেউ কেউ আবার নেচে নেচে সে আমন্ত্রণ জানায়, আবার কেউ আমন্ত্রণ জানায় গা থেকে বিশেষ একধরনের ঘ্রাণ বাতাসে ছেড়ে। মেয়েরা যেমন সাজুগুজুর পর পারফিউম স্প্রে করে বের হয়, অনেকটা তেমনই। পোকাদের এ বিস্ময়কর জগৎ দেখা ও অনুভব করার মজাটাই আলাদা।

যাহোক, নিচু হয়ে পাটখেতের মধ্যেই বসে পড়লাম সে নকশাদার ডানার সুন্দরীকে ভালো করে দেখার আশায়। পাখার ওপরে ফোঁটাগুলোর মধ্যে তিনটি একটু বড় ও পাখার ওপরের দিকে ত্রিভুজাকারে সজ্জিত, পাখার পেছনের দিকে আবার কয়েকটি ফোঁটা সারি করে সাজানো। পাখার পেছন প্রান্ত ঝালরের মতো। এবার এ পোকাটি আর আমাকে নিরাশ করল না, স্থির হয়ে ঘাগড়া পাতার ওপর বেশ কিছুক্ষণ বসে রইল। আমিও আনন্দের সঙ্গে ওর বেশ কিছু ছবি তুলে নিলাম।

পোকাটির চেহারা দেখে একবার ভেবেছিলাম স্পিটল বাগ বা থুতু পোকা। কিন্তু আকার ও পাখার রঙের সঙ্গে থুতু পোকার কিছুটা মিল থাকলেও পাখার দাগ, মাথা, মুখ–এসবের মিল নেই। তাই বাড়ি ফিরে বসলাম সেই অচেনা পোকাটিকে চেনার জন্য।

গুগল পণ্ডিতের সাহায্যে জানতে পেলাম ওর বংশ-পরিচয়, এমনকি নামও। ওই খুদে পোকাটি সাইথ্রিডিডি গোত্রের ইরেটমোচেরা গণের একটি মথজাতীয় পোকা, বর্গ লেপিডোপ্টেরা। প্রজাতিগত নাম পেলাম Eretmocera impactella, ইংরেজি নাম জয়ফুল মথ বা ফ্লাওয়ার মথ। 

জানা গেল এটি একটি ক্ষতিকর পোকা, বিশেষ করে ডাঁটা ও লালশাকের। বথুয়া, হেলেঞ্চা, নটেশাকও এ পোকার আশ্রয়দাতা। বহুদিন আগে একবার ভুট্টাপাতায় একে চোখে পড়েছিল, জানি না সে গাছের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না। এ পোকার বাচ্চারা এসব গাছের পাতা খায়। খাওয়ার আগে মুখের লালার সুতো দিয়ে পাতা মুড়ে ফেলে, তার ভেতরে বসে কুরে কুরে পাতা খায়। চলার সময় ওরা বেশ কায়দা করে হাঁটে। সামনে যেতে সমস্যা মনে হলে হামাগুড়ি দিয়ে হাঁটার মতো খানিকটা পেছনে যায়, আবার সামনে আসে। ওদের প্রায়ই মিলনরত অবস্থায় পাতার ওপর বসে থাকতে দেখা যায়।

এ পোকাটি দেখা যায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান ও ওমানে এ পোকা আছে। এ দেশে এটি একটি আবাসিক পোকা, বিক্ষিপ্তভাবে এদের দেখা যায়। আলোতে এরা প্রবলভাবে আকৃষ্ট হয়। দিনের বেলায় এরা চলাচল করে।

রমনার বন আসরা

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:২৯ এএম
রমনার বন আসরা
রমনা উদ্যানে সম্প্রতি ফুটেছে বন আসরা ফুল। ছবি: লেখক

রাজধানীর রমনা উদ্যানে দুটি গাছ আছে, যা বেশ বড়সড়, অথচ তা জবাগোত্রীয়। ফুলের গড়নে জবার সঙ্গে মিল থাকলেও অন্য আর কিছুর সঙ্গেই মিল নেই। গাছ দুটি হলো কাশিপালা ও বন আসরা। গাছ দুটির দিকে তাকালেই নিসর্গপুত্র দ্বিজেন শর্মার কথা মনে পড়ে।

রমনা উদ্যানে তিনি সিলেটের পাহাড় থেকে নানা প্রজাতির গাছের চারা তুলে এনে লাগাতেন। গাছগুলোর বেশির ভাগই কিছুদিন পর যত্নের অভাবে বা অরক্ষিত থাকায় মরে যেত, কিছু গাছ দাঁড়িয়ে যেত। সেসব গাছ বৃক্ষ হয়ে এখন তাঁর সেসব স্মৃতির কথা কইছে। বন আসরা গাছটির অবস্থান রমনা উদ্যানের লেকের পাড়ে। লেক ভ্রমণের বোটগুলোকে ওখান থেকে ছাড়া হয়। বছর দশেকের বেশি হবে।

রমনায় একদিন দ্বিজেন শর্মার সঙ্গে কয়েকজন মিলে হেঁটে হেঁটে গাছ দেখতে দেখতে এই বন আসরা গাছটিকে চোখে পড়েছিল। গাছের গোড়ার দিকটা আগুনে ঝলসে গেছে, গোড়া থেকে গজানো ডালপালার পাতাগুলোও পুড়ে গেছে। রমনা তখন এখনকার মতো রূপসী ছিল না। সেই আহত ও দগ্ধ গাছটির কাছে দাঁড়িয়ে তিনি হাহাকার করে উঠেছিলেন, বলেছিলেন, ‘গাছের সঙ্গে এমন অন্যায় কেউ করে? গাছ তো মায়ের মতন, তাকে কেউ এভাবে পোড়ায়? জানি না, কোন হতভাগার দল এখানে কী রেঁধে বনভোজন করে গেছে! এখনো সেই গাছটির কাছে গেলে সেসব কথা মনে পড়ে।

বুনোগাছ হলেও বন আসরার এই একটি গাছই রমনা উদ্যানে আছে। কিন্তু কখনো এর অনিন্দ্য রূপসী মেমসাহেবের মতো ফর্সা ফুলগুলোকে দেখার সুযোগ হয়নি। এ বছরও সে গাছে ফুল ফুটেছে। গত ৭ জুন সকালবেলায় সে গাছটিতে ফুলের দেখা পেলাম। পরপর দুদিনে আরও বেশি ফুল দেখলাম। একটি দুটি না, ডালে ডালে অনেক ফুল ফুটেছে। কুঁড়িগুলো দেখে মনে হলো কয়েকদিনে আরও ফুল ফুটবে। আহা, ফুল কী চমৎকার! ঘিয়া রঙের বড় বড় মাইকের মতো ফুল, ফুলের বোঁটার কাছে ঝালরের মতো হালকা সবুজ অঙ্গ, বৃতিগুলো যেন ছিল কলার খোসা। এদিক দিয়ে মুচকুন্দ ফুলের সঙ্গে এর কিছুটা মিল আছে। প্রচুর মৌমাছি উড়ছে ফুলে।

বন আসরা এ গাছের স্থানীয় বাংলা নাম, ইংরেজি নাম Indian Kapok ও উদ্ভিদতাত্ত্বিক নাম  Pterospermum semisagittatum ও গোত্র মালভেসি। প্রজাতিগত নামের প্রথমাংশ টেরোস্পার্মাম–এর অর্থ ডানাযুক্ত বীজ এবং শেষাংশের অর্থ আংশিক বর্শার ফলার মতো আকৃতিবিশিষ্ট পাতা। বন আসরা বনের গাছ, এ দেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের অরণ্যে প্রাকৃতিকভাবে জন্মে। রমনা উদ্যানের গাছটি মাঝারি আকারের বৃক্ষ প্রকৃতির।

আবহাওয়া ও অবস্থানভেদে গাছ পর্ণমোচী বা চিরসবুজ হতে পারে; গাছ ১৫ থেকে ২৫ মিটার লম্বা হতে পারে। গোড়া থেকে বেশ খানিকটা অংশের কাণ্ডে কোনো শাখা থাকে না। বীজ থেকে চারা হয়। পাতাগুলো কিছুটা ছুরি বা তলোয়ারের আগার মতো, পাতার ওপরের পিঠ সবুজ ও কিছুটা মসৃণ হলেও নিচের পিঠ রূপালি সবুজ ও খসখসে। এর কাণ্ড সোজা ও শক্ত হয়। গুড়ি বা কাণ্ডে বাকল ওঠা ছোপ ছোপ দাগ দেখা যায়।

বন আসরার কুঁড়িগুলোও বেশ ব্যতিক্রম, লম্বা খাঁজযুক্ত ক্ষেপণাস্ত্রের মতো। গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ফুল। এর ফুলগুলো রাতের বেলা ফোটে, যার সাদা পাপড়ি ও হালকা সবুজ বৃতি দেখতে অসাধারণ লাগে। ভোরে ফুলগুলো মলিন হতে শুরু করে। ফুলগুলো সুগন্ধযুক্ত এবং নিশাচর পাখি ও কীটপতঙ্গকে আকৃষ্ট করে।

প্রাচীনকাল থেকেই এর শক্ত কাঠ গৃহনির্মাণে ব্যবহৃত হয়ে আসছে। এর লালচে-ধূসর কাঠ ভারী, বেশ শক্ত ও টেকসই। এটি কুড়ালের হাতল তৈরি করতে ও ঐতিহ্যবাহী স্থাপত্যে বাড়ির স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়। এই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে চিবানোর জন্য এবং আঁশ ও কাঠের উৎস হিসেবে ব্যবহারের জন্য বন্য পরিবেশ থেকে এ গাছ সংগ্রহ করা হয়। সুপারির বদলে পানের সঙ্গে চিবানোর জন্য এর ছাল ব্যবহার করা যায়। ডালের বাকল খুব শক্ত, টেনে ছেঁড়া বা ছুরি দিয়ে সহজে কাটা যায় না।

এজন্য বন আসরার বাকলের আঁশ দিয়ে বিভিন্ন ধরনের দড়ি ও তন্তু তৈরি করা হয়। বনজীবীরা বন থেকে কাঠ কেটে আঁটি বাঁধার জন্য এ গাছের বাকল ব্যবহার করে। এটি একটি ঔষধি উদ্ভিদ, যা জ্বর, কাশি, মাথাব্যথা, চর্মরোগ ও প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়। আধুনিক ফার্মাকোলজিক্যাল গবেষণায় আরও দেখা গেছে যে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং মেজাজ ঠিক রাখতেও সহায়ক হতে পারে। 

লেখক: কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ