অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘রমনা থানায় দায়ের করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তার কী ধরনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘কতটা সংশ্লিষ্টতা রয়েছে, এ নিয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। কিছু তথ্য-প্রমাণ ছিল, এরই ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হবে।’
এর আগে, ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড থেকে এনায়েতকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদকে গ্রেপ্তার করা হয়। কয়েকদফা রিমান্ড শেষে গ্রেপ্তার আসামিরা কারাগারে রয়েছেন। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি।
আসামিদের বিরুদ্ধে রমনা থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে। একপর্যায়ে তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার কাছে পাওয়া দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভিনদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাতের গোপন মিশন নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে আসার কথা স্বীকার করেন।
অমিয়/