সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর করেছে এমভি আবদুল্লাহ জাহাজটি। রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় ওই বন্দরের বি-অ্যাঙ্কারে নোঙর করেছে জাহাজটি। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা থেকে ৫৮ মেট্রিক টন কয়লা খালাসের সুযোগ পাবে জাহাজটি।
জাহাজের ক্যাপ্টেন আবদুর রশিদ মালিকপক্ষকে বিষয়টি নিশ্চত করেছেন।
তার বরাতে মালিকপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা সব নাবিক সুস্থ রয়েছেন। রবিবার বিকেল ৪টায় জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে। জাহাজে থাকা ৫৮ মেট্রিক টন কয়লা খালাসের প্রস্তুতি চলছে।
এদিকে জাহাজে থাকা ২৩ নাবিকের মধ্যে দুইজন দুবাই থেকে সোমবার (২২ এপ্রিল) বিমানে বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। বাকি ২১ জন নাবিক এমভি আবদুল্লাহ জাহাজেই চট্টগ্রামে ফিরবেন। জাহাজটি চট্টগ্রামে ফিরতে আরও দুই সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।
জাহাজের মালিক পক্ষ জানিয়েছে, নাবিকরা যেভাবে চাইছেন সেভাবে দেশে ফিরতে পারবেন। তাই দুইজনকে বিমানে নিয়ে আসা হচ্ছে। তারা পরিবারের সঙ্গে আগেভাগেই দেখা করতে চাইছেন।
এ বিষয়ে চট্টগ্রামের কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম খবরের কাগজকে বলেন, ‘এমভি আবদুল্লাহ জাহাজটি রবিবার বিকেলে হামরিয়া বন্দরে নোঙর করেছে। জাহাজে থাকা প্রত্যেক নাবিক সুস্থ রয়েছেন। সেখানে দুইজন নাবিক নেমে যাবেন। তারা বিমানে দেশে ফিরবেন। বাকিরা ওই জাহাজে ১৫ দিনের মধ্যেই চট্টগ্রামে ফিরবেন।
গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে যাওয়ার পথে ১২ মার্চ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। ৩২ দিন জিম্মি থাকার পর গত সপ্তাহে মুক্ত হয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয় জাহাজটি।