এ বছর মার্চের ৩১ তারিখ শুরু হওয়া তাপপ্রবাহ বয়ে যায় টানা ৩৭ দিন। তবে চলতি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়া বৃষ্টিতে মিলেছে কিছুটা স্বস্তি। দেশের বিভিন্ন স্থানে হয়েছে বজ্রসহ বৃষ্টির রেকর্ড। তবে এখন আবার তাপমাত্রা বাড়ার কথা বলছেন আবহাওয়াবিদরা। আবারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ। তাপমাত্রা বাড়লে আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়েরও।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম খবরের কাগজকে বলেন, ১৫ মে থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাপপ্রবাহ চলে আসতে পারে।
তথ্য অনুযায়ী, গত ৩১ মার্চ রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। এরপর থেকে তা দেশের বিভিন্ন স্থানে বিস্তার লাভ করে। গোটা এপ্রিল মাস জুড়ে ছিল গরমের দাপট। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর জেলায় ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের শুরুতে বৃষ্টির পর থেকে তাপপ্রবাহের বিস্তার কমতে শুরু করে। সর্বশেষ গত ৬ মে শুধু গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গায় ছিল মৃদু তাপপ্রবাহ। সে হিসাবে টানা ৩৭ দিন পর তাপপ্রবাহ বিদায় নেয়।
পূর্বাভাস পর্যালোচনায় দেখা গেছে, মে মাসের দ্বিতীয়াংশে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। আর তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এক থেকে দুটির। অর্থাৎ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উঠবে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
আশঙ্কা বাড়ছে ঘূর্ণিঝড়ের
আবহাওয়াসংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে সাধারণত জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা শুরু হয়। বর্ষা পুরোপুরি শুরু হতে জুন পার হয়ে যায়। কিন্তু এই বর্ষা মৌসুম সেট হওয়ার সময় সাগরে উষ্ণতা বেড়ে যায়। সেখানে লঘুচাপ থেকে নিম্নচাপ, পরবর্তীতে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কাও বাড়ছে। এ কারণে মে মাসের দ্বিতীয়ার্ধে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক খবরের কাগজকে বলেন, ১৫ মে এর পর বৃষ্টি কমে যাবে। তাপমাত্রা একটু বাড়বে। তবে টানা ১৫ দিন তাপপ্রবাহের সম্ভাবনা নেই। তাপপ্রবাহের মাঝে মাঝে বৃষ্টি থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা বাড়লে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে। এ জন্য আমরা এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের কথা বলেছি।
বৃষ্টিপাতের সম্ভাবনা নেমে আসবে ৫০ ভাগে
আজ শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে রংপুর বিভাগ ছাড়া দেশের সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা ৫০ ভাগে নেমে আসবে। আর দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। সময় যত যাবে, বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তাপামাত্রা বাড়বে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের আওতাভুক্ত এলাকা ‘অনেক জায়গা’ দিয়ে ৫১-৭৫ ভাগ বুঝানো হয়। আর ‘কিছু কিছু’ দিয়ে ২৬-৫০ ভাগ এবং দু-এক দিয়ে ১-২৫ ভাগ এলাকা বুঝানো হয়। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।