স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনারের মরদেহ পাওয়া না গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো জটিলতা তৈরি হবে না।’
মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আনারকে হত্যা করেছে তারা স্বীকার করেছে। তার মরদেহ সম্পর্কে আমাদের কাছে স্পষ্ট কোনো খবর না থাকলেও আমরা বসে নেই, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আশা করি কিছু তো মিলবে। আমাদের গোয়েন্দা সদস্যরা সেখানে গেছেন। ডেডবডি উদ্ধার করা ছাড়া বাকি রহস্য আমাদের কাছে চলে আসছে।’
এবার কোরবানি ঈদে দেশে ৪ হাজার ৪৬০টি পশুরহাট বসবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘এ সময় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুবাহী পরিবহনের সময় যাত্রা ও গন্তব্যের স্থান লিখতে হবে এবং রাস্তার ওপর কোনো পশু নামানো যাবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঈদের আগে ও পরের ৩ দিন সড়ক-মহাসড়কে যাত্রী ও পচনশীল পণ্য ছাড়া অন্য কিছু পরিবহন করা যাবে না।’
খাজা/সালমান/