বঙ্গভবনের অভিমুখে গণপদযাত্রায় গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামে মার্কেটের পার্শ্ব রাস্তায় পুলিশের বাঁধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি দিতে বঙ্গভবনে যান।
রবিবার (১৪ জুলাই) দুপুর ১টা ৪৬ মিনিটে আন্দােলনকারীরা জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।
দুপুর ২টার দিকে আবারও গুলিস্তান বঙ্গবন্ধু স্টেডিয়ামে মার্কেটের পার্শ্ব রাস্তায় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।
পরে দুপুর আড়াইটায় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে ১২ শিক্ষার্থীর একটি প্রতিনিধিদল বঙ্গভবনে যান। পুলিশ সদস্যরা তাদের ভেতরে নিয়ে যান।
ওই ১২ জন হলেন- আসিফ, নাহিদ, সারজিস, নিদ্রা, আরিফ সোহেল, সুমাইয়া, আশিক, কাদের, মাহিন, হাসিব, মাসুদ ও সিফাত।
আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, সারাদেশে অনুষ্ঠিত গণপদযাত্রা শেষে ৫০টি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে দুপুর ১২টার কিছু সময় পর শিক্ষার্থীরা গণপদযাত্রা শুরু করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।
এর আগে শনিবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ দেশজুড়ে গণপদযাত্রা এবং স্ব-স্ব জেলার প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার বিষয়টি জানানো হয়।
আরিফ জাওয়াদ/সাদিয়া নাহার/অমিয়/