প্রশিক্ষণ শেষের আগেই পুলিশের ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতির পেছনে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, অতীতে এর থেকেও বেশি পরিমাণ অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি সারদা পুলিশ একাডেমি বলতে পারবে। অনেক ধরনের শৃঙ্খলাভঙ্গ হতে পারে। এটা কোনো বিষয় না। নতুন সার্কুলার দেওয়া হয়েছে দ্রুত নিয়োগ হবে।
তিনি আরও বলেন, ‘যে কোনো আন্দোলনে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।’
শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে ৮২৩ জন প্রশিক্ষণপ্রাপ্ত উপ-পরিদর্শকের (এসআই) মধ্যে ২৫২ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে। এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে। এ ছাড়া এই ২৫২ জনকে গত ১৭ অক্টোবর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।
অমিয়/