জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।
বুধবার (৩০ অক্টােবর) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অবহিত করেন।
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন এবং জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায় বলে জানান।
অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মায়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার অনুপ্রবেশ নিয়েও আলোচনা করেন।
উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
বাসস/অমিয়/