দীর্ঘ ১৫ বছর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির পর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২(ক) প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
২০০০ সালে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে অবসর নেন এ কে এম ফজলুল্লাহ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবার চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি। এরপর আরও এক বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ঢাকা ওয়াসার আদলে চট্টগ্রাম ওয়াসাতেও তৈরি করা হয় ব্যবস্থাপনা পরিচালকের পদ। তখন এ কে এম ফজলুল্লাহ এমডি পদে নিয়োগ পান। সেই থেকে তিনি একটানা এমডি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ ২০২৩ সালে তিন বছরের জন্য এমডি পদে নিয়োগ পান তিনি।
এমডি পদে থাকার সুবাদে প্রকল্পে অনিয়ম, নিয়োগে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অপরাধে তার নাম জড়িয়ে পড়ে।
গত ৭ অক্টোবর বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি, পানি চুরি, প্রকল্পগুলো সময়মতো শেষ না হওয়া, বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনাসহ সব অনিয়মের তদন্ত করতে চট্টগ্রামে এসেছিলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।
সুমন/অমিয়/