ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ইতোমধ্যে জাতীয় নাগরিক কমিটি ২ শত থানায় কমিটি ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে ৪ শতাধিক থানায় কমিটি দেওয়া হবে। এজন্য জাতীয় নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন জানান, রাজনীতিক দলের নাম কী হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে শতাধিক নাম প্রস্তাব এসেছে। এগুলো থেকে চূড়ান্ত নামকরণ করা হবে।
আখতার হোসেন আরও বলেন, আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচন করার পাঁয়তারা করছে অনেকেই। এটা স্পস্টত যে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকায় এ ধরনের কথা বলা সম্ভব। দিল্লির মদদেই হয় তো এ ধরনের কথাগুলো বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। যারাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই দেশের জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।
ডাকসু সাবেক এই সমাজকল্যাণ সম্পাদক বলেন, দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে গড়তে চেয়েছে। মানুষ একটা নতুন সংবিধান প্রত্যাশা করে। সেই জায়গা থেকে সংবিধান তৈরির ম্যান্ডেন্ট গণপরিষদের থাকে। একটি গণপরিষদ নির্বাচন যাতে হয়, সেই কারণেই তারা প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, ‘আমরা মনে করি, বাংলোদেশের সামনে যে নির্বাচন আসতেছে, সেটা একটা গণপরিষদ নির্বাচন হবে।’
কেমন হবে দল সেকথা উল্লেখ করে আখতার বলেন, ‘বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনৈতিক চর্চা থেকে এই দলের আবির্ভাব হবে। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে চলে আসা ইসলাম বিদ্বেষ যেমন আমরা টলারেট করব না। একইভাবে হিন্দু, উগ্রবাদ কিংবা মুসলিম উগ্রবাদের যে জায়গাগুলো আছে সেগুলো আমরা বরদাশত করব না। বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবসা করতে চায়, সম্প্রীতিতে বসবাস করতে চায়। সম্প্রীতির মধ্যমপন্থী এক বাংলাদেশ প্রতিষ্ঠা স্বপ্ন দেখি। সেই জায়গা থেকেই আমাদের এই রাজনৈতিক দল।’
এর আগে দুপুরে তিনি রংপুর কাউনিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
সেলিম সরকার/মাহফুজ