‘বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সুুবিধার্থে কঠোর নিরাপত্তা বলয়ে থাকবে ইজতেমা ময়দান।’, সংবাদ সম্মেলনে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-পিপিএম। এ সময় বিশ্ব ইজতেমা উপলক্ষে পুরো ময়দানকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত জিএমপির কেন্দ্রীয় কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংয়ে বাহারুল বলেন, ‘পুরো ময়দান সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ৬ হাজার পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।’
এবারের ইজতেমা অন্যবারের তুলনায় ভিন্ন জানিয়ে তিনি বলেন, ‘পুরো ইজতেমা ময়দান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে।’
তিনি জানান, পুলিশের পাশাপাশি ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে ১০ হাজার স্বেচ্ছাসেবী ময়দানের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।
এ ছাড়া ইজতেমা ময়দানের চারপাশে ড্রোন ভিউ, সিসিটিভি মনিটরিং, নাইটভিশন ক্যামেরা, রুফটপ পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার, সিআইডি, ডিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন বলে জানান আইজিপি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, সিটি এসবির উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মেহেদি হাসান দিপু, ইজতেমা আয়োজক কমিটির র্শীষ প্রকৌশলি মাহফুজ হান্নান, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
পলাশ প্রধান/নাইমুর/