গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা আজ বৃহস্পতিবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে। ইতোমধ্যেই মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমায় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের তাবলিগের সাথীরা অংশ নেবেন।
ইজতেমা উপলক্ষে ময়দান ছাড়াও আশেপাশের এলাকায়ও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, গতকাল বুধবার থেকেই প্রথম পর্বের ইজতেমায় অংশ নিতে বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা ময়দানে আসতে শুরু করেছেন।
যারা ইজতেমা ময়দানে এসেছেন তারা তাদের নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘এবার প্রথম শুরায়ি নেজামের অধীনে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪১টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এই পর্বে অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর, গাইবান্ধা, নাটোর, মৌলভীবাজার, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জ, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নেত্রকোণা, শেরপুর, ফরিদপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, পটুয়াখালী, কুমিল্লা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজবাড়ী জেলার মুসল্লিরা।
এ ছাড়া এরই মধ্যে ৫০টির বেশি দেশের বিদেশি মুসল্লিরা এতে অংশ নেবেন।
এবারের ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
অমিয়/