নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসে কোনো ধরনের কর্মসূচি পালনের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে ‘অমর একুশে বইমেলা’ ঘিরে নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
এ সময় বইমেলা ঘিরে কোনো হুমকি বা মব পরিস্থিতির শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘না এমন কিছু হবে না। ব্যবস্থা নিয়েছি, এমন কিছু হবে না।’ এ ছাড়া বইমেলাকে কেন্দ্র করে গত সরকারের আমলে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা অধিকাংশ এখন কারামুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এ রকম যারা সন্দেহভাজন আছেন, তাদের আমরা নজরদারিতে রাখছি।’
অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েকটি সমন্বয় সভা করেছি। বাংলা একাডেমির কর্মকর্তাদের আমরা বলেছি, কোনো ধরনের উসকানিমূলক বই যেন মেলায় না আসে। তারা যেন বই যাচাই-বাছাই করে মেলায় পাঠায়।’
ঢাকায় নানা ধরনের আন্দোলন ও ব্যাপক যানজটের প্রেক্ষাপটে বইমেলার সময় ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ‘ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে, কারণ এই শহরের ট্রাফিক ব্যবস্থা তো আমি দেখি। যখন দেখি, মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকে। ছোট একটা দাবি নিয়ে ২০ জন লোক রাস্তা আটকে দেয়। আমি তাদের বলব, আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকাবেন না। আপনারা ফুটপাতে অবস্থান করুন। কিন্তু খুবই দুঃখজনক যেকোনো দাবি দেওয়ার মোক্ষম স্থল হয়ে গেছে রাস্তা অবরোধ। উত্তরা থেকে রওনা দিয়ে মতিঝিল যেতে ৭ ঘণ্টা লেগে যাচ্ছে, ভয়ংকর অবস্থা। পট-পরবর্তী অবস্থায় আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি। আমি এবং আমাদের আইজিপি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আমরা বলছি, আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মরতে চাই না।’
শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর কেন লাঠিপেটা করা হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা এখানে লাঠিপেটা করিনি, শুধু জলকামান দিয়েছি।’
ঢাকা শহরের নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না, যাতে জনগণের মনে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। আমরা আমাদের মেকানিজমে ঢাকা শহরকে নিরাপদ রাখার চেষ্টা করি। অনেক মানুষের শহর ঢাকা।’
আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমরা এ বিষয়ে সব সময় কাজ করছি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আমরা এসব প্রোগ্রাম প্রতিহত করছি। প্রোগ্রাম তো দিতেই পারে কিন্তু সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার পদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের দৃষ্টিতে কোনো আশঙ্কা দেখি না।’