দেশব্যাপী চলমান যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘন্টায় ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে যৌথ বাহিনীর এ অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে শুধু রাজধানী ঢাকা থেকে বুধবার কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট, র্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এই যৌথ অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’ এর নেতা রাসেল ও তার ভাই ব্রাদার বুশ (সাব্বির) সহ কিশোর গ্যাং এর অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তল্লাশী করে তাদের নিকট হতে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, গত ওই চব্বিশ ঘণ্টায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে মোট ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই সময়ে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের সূত্রধরে আরও ১ হাজার ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্টে অভিযানে এসময় একটি পিস্তল, একটি এলজি, একটি একনলা বন্দুক, একটি স্যুটার গানসহ নানা দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
আলমগীর হোসেন/এমএ/