রাজধানীর মোহাম্মদপুর, কোতোয়ালি ও দারুসসালাম এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী-ডাকাত ও মাদক কারাবারিসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ওই সময়ে ১৪ জন মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফারুক, রানা, নাছির, রাজিব সিকদার, মেহেদী হাসান, মুন্না ওরফে বোমা মুন্না, শুকুর আলী, জানু, রাসেল, জাবেদ, মিঠুন, শহিদুল ইসলাম সোহেল, ইসমাইল, আ. রহিম, সাইদ, নাজমুল, নাদিম, মুরাদ, আলাউদ্দিন, জনি, সোহেল রানা, রেদওয়ান হাসান, সোহাগ, জাহিদ, বোরহান উদ্দিন ও হাসিব। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন চিহ্নিত মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর ও সাজাপ্রাপ্ত আসামি। এই অভিযানে গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এদিকে কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করে থানার পুলিশ। তারা হলেন- শাহাবুদ্দিন, লাইজু বেগম, হিরন ওরফে হালিম ও মো. ইলিয়াস।
রাজধানীর দারুসসালামে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাকলাইন খান তামিম ও আব্দুল্লাহ নয়ন। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ছুরি, তিনটি চাপাতি, একটি সুইচগিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়।