পিরোজপুরের ছারছীনা দরবার শরিফের ১৩৫তম মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জুমার নামাজের আগে সেখানে আলোচনায় অংশ নেন তিনি।
মাহফুজ আলম বলেন, ‘দেড়শতাধিক বছর ধরে ছারছীনা সিলসিলার খেদমত এই উপমহাদেশে অব্যাহত রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, সরকার যেসব সংস্কারের দায়িত্ব হাতে নিয়েছে তা যেন শেষ করতে পারে। আমরা বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এবং দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেন আমাদের অর্পিত দায়িত্ব শেষ করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সন্তান হিসেবে এ দেশের খেদমত করতে পারি।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘ছারছীনা দরবার শরিফের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার মাদ্রাসা তৈরি করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামি শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। তারা শিক্ষা দিচ্ছে ইসলাম শান্তির ধর্ম।’
মাহফুজ আলম বলেন, ‘আমার পরিবার ছারছীনা দরবার শরিফের মুরিদ ছিল। আজ আমি এখানে এসেছি পীর সাহেবের কাছে আমার ও দেশের জন্য দোয়া চাইতে। এখানে আসার মাধ্যমে ছারছীনা দরবার শরিফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সূফী নেছার উদ্দিন আহমদের (রহ.) উপমহাদেশে দীনি সংস্কার সম্পর্কে উপলব্ধি করতে পেরেছি।’
আখেরি মোনাজাতে ছারছীনা শরিফের পীর সাহেব আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত পরিচালনা করেন।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছারছীনা দরবার শরিফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন।