মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পৃথকভাবে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানরা এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
সেনাবাহিনীর গান স্যালুট: বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। ঢাকার তেজগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকায় সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে।
পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা: সকালে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রাজারবাগে স্বরাষ্ট্র উপদেষ্টা: আইজিপির শ্রদ্ধা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মুক্তিযুদ্ধে শহিদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নেতারা পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
সীমান্ত গৌরবে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা: ঢাকার পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সৈনিক এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।