মায়ানমারে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম টানা দ্বিতীয় সপ্তাহ ধরে চলমান।
বাংলাদেশ সরকারের উদ্যোগে মায়ানমারে পাঠানো এই বিশেষ দল দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গত ২৮ মার্চ মায়ানমারে সংঘটিত ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। এই ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মায়ানমারের রাজধানী নেপিডোতে পাঠানো হয়।
বাংলাদেশ উদ্ধারকারী দল মায়ানামের নেপিডো শহরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
মায়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধার অভিযান আজও পরিচালনা করা হয়। এই অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজ সোমবার নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল এবং এক হাজার শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করে।
এ ছাড়াও বাংলাদেশ মেডিকেল টিম নেপিডোর পিনমানা শহরে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে ১৪৩ জন রোগীর চিকিৎসা সহায়তা দিয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ওই ক্যাম্পেইনে বিভিন্ন বয়সী রোগীদের সমাগম ঘটে, যেখানে বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজ সর্বমোট ১৬২ জন রোগীর চিকিৎসাসহ চারটি জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করা হয়। আজ পর্যন্ত ভূমিকম্পে আহত মোট ৬১৯ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ মেডিকেল টিম।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক তৎপরতা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামীকালও অব্যাহত থাকবে।
অমিয়/