সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবদার করে রাজউকে আবেদন না করেই প্লট নিয়েছেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পুতুল অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনসুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট নেন।
শেখ হাসিনা-পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
চার্জশিটে বলা হয়, প্লট বরাদ্দসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা এবং আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে রাজউকে কোনো আবেদন না করেই মায়ের কাছে আবদারপূর্বক আবেদন পেশ করেন পুতুল। এরপর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন পুতুল। বরাদ্দ করা প্লট নিজ নামে রেজিস্ট্রিভুক্ত করে নেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ ভোগদখলে রেখেছেন তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতাবলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সায়মা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন।
রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটির তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরও দুই আসামিসহ শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। চার্জশিটে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে।
মামলার চার্জশিটভুক্ত ১৮ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি, হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে। আগামী ১০ এপ্রিল এ মামলাটির ধার্য তারিখ রয়েছে। ঢাকা মহানগর আদালতে এ চার্জশিট গ্রহণসংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা কার কী দায়, তা উল্লেখ করেন।
আসামি সায়মা ওয়াজেদ পুতুল
শেখ হাসিনার মেয়ে এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারবিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি অসৎ উদ্দেশ্যে নিজ ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনসুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করেন। পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক মাকে অবৈধভাবে প্রভাবিত করে রাজউকে কোনো আবেদন না করেই আবদার করেন পুতুল। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন; তা নিজ নামে রেজিস্ট্রি করেন এবং সরকারি জমি আত্মসাৎ করে নিজ ভোগদখলে রেখেছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতাবলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় সায়মা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন।
আসামি শেখ হাসিনা
শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বিশেষ ক্ষমতাবলে তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় আসামি সায়মা ওয়াজেদ পুতুলের অনুকূলে প্লট বরাদ্দের ক্ষেত্রে দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ড) আইন লঙ্ঘন করা হয়েছে এবং অসৎ উদ্দেশ্যে বর্ণিত প্লটটি বরাদ্দ দিয়ে ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে নিজ ও নিজের পরিবারকে আর্থিকভাবে লাভবান করেছেন।
শেখ হাসিনা-পুতুল ছাড়াও চার্জশিটভুক্ত অপর ১৬ আসামি হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্ত প্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬০ কাঠা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে জানুয়ারি মাসে পৃথক ছয়টি মামলা করে দুদক। সূত্র: বাসস