বিসিএস-প্রত্যাশীদের ওপর যৌথ বাহিনীর হামলা ও প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবি জানিয়েছেন ৪৪, ৪৫ ও ৪৬ বিসিএস প্রার্থীরা। এদিকে জুনের মধ্যে ৪৪তম বিসিএসের ফলাফল না প্রকাশ করা হলে আসন্ন বিসিএসে না বসার ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়া পিএসসি সচিবকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণে আলটিমেটাম দিয়েছেন তারা।
রবিবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিসিএস প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে বিসিএস প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ বলেন, ‘পিএসসি তরুণদের পালস কোনোভাবেই বুঝছে না। আমরা আন্দোলন করে যাচ্ছি আর তারা একের পর এক বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে। ৪৪তম বিসিএসের রেজাল্ট ৩০ জুনের মধ্যে দেবেন, এখন বলছেন জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা করছেন। ১৭ এপ্রিল কীভাবে আমাদের মারধর করার তিন দিন পর বিজ্ঞপ্তি দিলেন, জানি না কোন অজ্ঞাত কারণে তারা বিলম্বে নোটিশ দিলেন। আমরা জুনের ৪৪তম বিসিএসের রেজাল্ট চাই। সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা নতুন করে পরবর্তী বিসিএসে বসতে চাই না।’
গত ১৭ এপ্রিল পিএসসির সামনে আন্দোলন করতে গিয়ে মারধরের শিকার হওয়া বিসিএস-প্রত্যাশী শাহরিয়ার ইসলাম বলেন, ‘আমার কষ্ট একটাই, আমার অপরাধটি কী ছিল? আমরা তো যৌক্তিক দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম।’
ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. ইমতিয়াজ আহমেদ সিয়াম বলেন, ‘দুই দফা আমাদের মারধর করা হলো, এর পেছনে মূল কারিগর পিএসসি সচিব। যদি ৪৮ ঘণ্টার মধ্যে ওই পিএসসি সচিবকে অপসারণ করা না হয় এবং আলোচনায় না বসে, আমরা ফের কর্মসূচির ডাক দেব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিসিএস প্রার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে আট দফা দাবি ঘোষণা করা হয়।