ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের থেকে কোনো কেনাকাটা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর উত্তরায় আয়োজিত ডিএনসিসির অঞ্চল-৭ এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানিতে প্রশাসক এ আহবান জানিয়েছেন।
মোহাম্মদ এজাজ বলেন, গণশুনানিতে দুটি কমন অভিযোগের মধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করুন, আরেকটি ফুটপাত ও রাস্তার অবৈধ হকার উচ্ছেদ করুন। ব্যাটারিচালিত অটোরিকশা দেশের সব জায়গায় অবৈধ। সবাই বলছেন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করুন, কিন্তু মানুষ আবার অবৈধ এই যানবাহনে চড়ছেন। মানুষ না চড়লে চালকরা নিরুৎসাহিত হবে।
এসময় তিনি বলেন, ডিএনসিসি থেকে হাই লেভেল কমিটির মাধ্যমে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি অটোরিকশার ডিজাইন করছে। এটি সফলভাবে সম্পন্ন হলে আমরা লাইসেন্স দিব। তখন শুধু সেই লাইসেন্স প্রাপ্তরা ঢাকার নির্দিষ্ট রোডে চলতে পারবে। প্রধান সড়কে কোনভাবেই অটোরিকশা চলাচল করতে পারবে না। ট্রাফিক বিভাগ ইতোমধ্যে ট্র্যাপার বসানো শুরু করেছে।
ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করার আহবান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকার প্রতিটি এলাকায় বাজার আছে, মার্কেট আছে। আপনার দয়া করে ফুটপাতের ও রাস্তার অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করে বাজার থেকে ও মার্কেট থেকে কেনাকাটা করুন। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনগণের সহযোগিতা পেলে সমস্যা এই সমস্যা সমাধান করা সহজ হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীর উদ্দেশ্যে ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে। কর্মীদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করি সবাই। কিন্তু আমাদের কর্মীরা কিন্তু সবার বাড়ির ভিতরে গিয়ে ওষুধ দিতে পারে না এটাও সত্যি। খেয়াল করলেই দেখবেন বেশিরভাগ বাড়ির ভিতরে ও বাউন্ডারিতে মশার প্রজনন ক্ষেত্র রয়েছে, ময়লা আবর্জনা রয়েছে। অতএব দয়া করে নিজেদের ঘরবাড়ি নিজেরা পরিষ্কার করুন।
আগামী মে মাসের প্রথম সপ্তাহে কর মেলার (হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য) আয়োজন হবে জানিয়ে তিনি বলেন, এই মেলায় ওয়ান স্টপ সেল থাকবে। সেখানে একদিনেই তাৎক্ষনিক হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে। মেলাতেই কর ছাড়ের আবেদনের ব্যবস্থা করব। মেলায় ভোগান্তি ছাড়া স্বল্প সময়ে আপনারা হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।
গণশুনানিতে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন।
উল্লেখ্য, ডিএনসিসির প্রতিটি অঞ্চলে গণশুনানিতে অংশ নিচ্ছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ইতোমধ্যে ৭টি অঞ্চলে গণশুনানি সম্পন্ন হয়েছে। গণশুনানিতে অংশ নিয়ে নাগরিকরা সরাসরি ডিএনসিসি প্রশাসকের সঙ্গে তাদের অভিযোগ, পরামর্শ ও সেবা সম্পর্কিত বিষয়ে কথা বলেন এবং প্রশ্ন করেন। ডিএনসিসি প্রশাসক সকলের প্রশ্ন শুনেন ও জবাব দেন। এছাড়াও ডিএনসিসির পক্ষ থেকে উপস্থিত সবাইকে একটি ফরম দেওয়া হয়, সবাই যার যার মতামত ও অভিযোগ লিখে জমা দেন।
রাজু/সিফাত/