পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষায় শুধু আইন ও নীতিমালা যথেষ্ট নয়, প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন। সরকারের সব মন্ত্রণালয়কে পরিবেশবান্ধব হতে হবে।
তিনি বলেন, ‘হাউজিং প্রকল্প অনুমোদনে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নগর পরিকল্পনায় প্রতিটি খাতের প্রভাব বিবেচনা করা অপরিহার্য।’
শনিবার (১০ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশে ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য স্থানিক পরিকল্পনা’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ উপদেষ্টা বলেন, বড় বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের আপত্তিকে ‘না’ বলে মনে না করে তা যেন ন্যায্য প্রতিরোধ হিসেবে বিবেচিত হয়। দেশের প্রতিটি ইঞ্চি জমিকে পরিকল্পনার আওতায় আনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘রাজউকের মতো উন্নয়ন সংস্থাগুলোর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। সংশ্লিষ্ট সব সংস্থাকে ক্ষমতায়ন করতে হবে এবং স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু বাস্তবায়ন করতে হবে।’
অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে জানিয়েছে তিনি প্রকৃত পাহাড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শুধু শ্রমিকদের দায়ী করা উচিত নয় উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সচিব মো. নজরুল ইসলাম, ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিআইপির সাধারণ সম্পাদক ও আইসিইউআরপি ২০২৫-এর আহ্বায়ক পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান প্রমুখ।
সূত্র: ইউএনবি
সিফাত/