পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু-এক দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নতুন পররাষ্ট্রসচিব কে হবেন, সেটিও আগামী দু-এক দিনের মধ্যে জানাবে সরকার।
বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘পররাষ্ট্রসচিব বিভিন্ন কারণে নিজে থেকে সরে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি।’ পররাষ্ট্রসচিব ছুটিতে যাবেন নাকি চাকরি ছাড়ছেন, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘উনি চাকরি ছেড়ে দেবেন কেন? চাকরিতে আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে।’
পররাষ্ট্রসচিব সরে যাচ্ছেন কেন, আর আপনারা কেন তাকে সরে যেতে দিচ্ছেন- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘এটা আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে।’ পররাষ্ট্রসচিবের পরিবর্তনের সঙ্গে বাইরের চাপ নিয়ে করা প্রশ্নের জবাবে
তৌহিদ হোসেন বলেন, ‘যেকোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত থাকে। অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।’ নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন, জানতে চাইলে উপদেষ্টা তার নাম বলেননি। তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে সেটা আপনারা জানতে পারবেন।’
সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকার গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়। তবে এক মাস পার হলেও তিনি এখনো দায়িত্ব শুরু করতে পারেননি। এ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না।’
সুফিউর রহমানের দায়িত্বে যোগ দিতে কোনো সমস্যা আছে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা অন্য কিছু…। সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন।’