আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে আগামী ১ জুন থেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ তথ্য জানানো হয়। আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় প্লাটফর্মে বিনা টিকেটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকিট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্লাটফর্ম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিপন্থি যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন রেলপথ সচিব।
ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীর চাপ থাকলেও পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেন কোনো যাত্রী উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতেও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জয়ন্ত সাহা/সুমন/