অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
রবিবার (২৯ জুন) এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) উদ্যোগে আইনবিষয়ক সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতার ওপর এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তথ্যসচিব গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে সাংবাদিকদের, বিশেষত আইনবিষয়ক সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া। তিনি প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, গণমাধ্যমই পারে জনগণের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে।
সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশীদারত্বে এবং সুইডেনের দূতাবাসের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেন, গণমাধ্যমকর্মীরা শুধু সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন না, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূতও বটে।
কর্মশালায় ইউএনডিপির সিনিয়র রুল অব ল’ অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, বাংলা আউটলুকের স্পেশাল করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ ও এপির ব্যুরো চিফ জুলহাস আলম জটিল তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির টুলস ইত্যাদি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন।
কর্মশালায় নিমকোর পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আবদুল কাইয়ুমসহ ইনস্টিটিউটের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ কর্মশালা সঞ্চালনা করেন নিমকোর সহকারী পরিচালক ও কর্মশালার পরিচালক তানজিম তামান্না। কর্মশালায় ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী, ইউএনডিপি ও সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।