তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ রাষ্ট্র সংস্কারের অমীমাংসিত মৌলিক ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৪তম বৈঠক চলছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের এ বৈঠক শুরু হয়।
সোমবার (১৪ জুলাই) সংসদে নারী আসন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে দিনভর আলোচনার পরও রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। এ জন্য আজকের বৈঠকে আগে আংশিক ঐকমত্য হওয়া তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে বিকল্প প্রস্তাব এবং সোমবার আলোচিত সংসদে নারী আসন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বিষয়ে পুনরায় আলোচনা হবে।
বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এতে অংশ নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ আমন্ত্রিত ২৮টি রাজনৈতিক দল ও দুটি জোটের প্রতিনিধিরা।
বৈঠকে সূচনা বক্তব্য রাখেন আলী রীয়াজ।
তিনি বলেন, ‘আলোচনায় এ পর্যন্ত মৌলিক কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু বিষয়ে কাছাকাছি অবস্থানে আছি। এভাবে কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য পৌঁছানোর মাধ্যমে আমাদের একটি জাতীয় সনদ তৈরি সিদ্ধান্তে উপনীত হতে হবে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আমরা এ বিষয়ে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চাই।’
এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতামূলক মনোভাব নিয়ে ঐকমত্যে আসার আহ্বান জানান তিনি।
এর আগে গত ৩ জুন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ পর্যন্ত ১৩টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
তাদের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত আটটি বিষয়ে দলগুলো একমত হয়েছে।
সেগুলোর মধ্যে রয়েছে- সংবিধানের ৭০নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণ, প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণা।
দ্বিতীয় দফা বৈঠকে এ পর্যায়ে আরও বেশকিছু ইস্যুতে দলগুলোর মধ্যে আংশিক ঐকমত্য হয়েছে।
এ ছাড়া এখনো সাতটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় অমীমাংসিত এবং অনালোচিত রয়েছে আরও কয়েকটি মৌলিক ইস্যু।
এবারের বৈঠকে ঐকমত্য কমিশন আগে আংশিক ঐকমত্য হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ অমীমাংসিত মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মতবিনিময় করছে।
বৈঠকটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকের পর এসব ইস্যুতে রাজনৈতিক দলগুলোর দেওয়া বিকল্প প্রস্তাব নিয়ে বুধবার (১৬ জুলাই) ও বৃহস্পতিবার (১৭ জুলাই) কমিশন নিজেরা আলোচনা করবে।
এর পর দুদিন বিরতির পর দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক বসবে আগামী রবিবার (২০ জুলাই)।
এলিস/পপি/