রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডিতে শোকে মুহ্যমান সারা দেশ। ভয়াবহ সেই দুর্ঘটনার দুঃসহ স্মৃতি মনে হলেই শিউরে উঠছেন দেশবাসী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২১ জুলাইয়ের সেই ঘটনায় শুক্রবার (২৫ জুলাই) পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ রাজধানীর ৭টি হাসপাতালে এখনো ৫০ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চলে গেল মাকিন, আয়মান
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাসমিন আফরোজ আয়মান (১০) মারা যায়। আয়মান মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। আয়মানের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আয়মানের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে। সে ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।
দুপুর ১টার দিকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিন (১৩) মারা গেছে। মাকিনের শ্বাসনালিসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। সে ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
এ দুজনকে নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হলো। এ হাসপাতালে এখন ৪০ জন দগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছে। এদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সিএমএইচে এখন ৮ জন ভর্তি রয়েছে। ২১ জুলাই থেকে গতকাল পর্যন্ত এ হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে।
গাজীপুরের শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন আহত রোগী ভর্তি থাকার তথ্য জানানো হয়েছে। এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা গেছে।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৫ জন
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ৪০ জন রোগীর মধ্যে ৫ জন রোগী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। হাসপাতালের চিকিৎসকদের ভাষ্যে, তারা রয়েছে ‘ক্রিটিক্যাল’ ক্যাটাগরিতে। শুক্রবার বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতাল পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দীন।
তিনি জানিয়েছেন, বার্ন ইনস্টিটিউটে ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে রোগী ভর্তি রয়েছেন ১০ জন। ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে ভর্তি রয়েছে ২৫ জন। এই ক্যাটাগরির রোগীদের মধ্যে ১০ জন ‘পোস্ট অপারেটিভ পিরিয়ডে’ ছিল গতকাল বিকেল পর্যন্ত।
‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে থাকা রোগীদের মধ্যে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে শুক্রবার। নাসির উদ্দীন বলেন, ‘আমরা আশা করছি, আজ ৪-৫ জনকে ছুটি দিতে পারব।’
বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশনে থাকা ৬ জন রোগীর মধ্যে ২ জন নিজেরাই নিঃশ্বাস নিতে পারছে। তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বার্ন ইনস্টিটিউটে চীনা চিকিৎসক দল
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা-সহায়তা দিতে পাঁচ সদস্যের চীনা চিকিৎসক ও নার্স দল গতকাল সকালে বার্ন ইনস্টিটিউটে যান। চিকিৎসক দলটি এসেছে দেশটির হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে। শুক্রবার সকালে তারা বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছ থেকে ভর্তি রোগীদের বিষয়ে নানা তথ্য শোনেন।
পরে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসায় নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের সদস্যদের সঙ্গে। বাংলাদেশের চিকিৎসকদের তারা নানা পরামর্শ দিয়েছেন।
এর আগে আহতদের চিকিৎসা-সহায়তা দিতে সিঙ্গাপুর ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছে।
মাইলস্টোনে হতাহতদের জন্য দোয়ার মাহফিল, প্রার্থনা
মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য চেয়ে গতকাল দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। জুমার নামাজের পর দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাতে এ দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা করা হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে অবস্থিত প্রেসক্লাব, শহিদ মিনার, মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বালন করা হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিভিন্ন বিহার ও প্যাগোডায় সম্মেলক প্রার্থনা করেন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।