সাভারের আশুলিয়ায় লরির নিচে সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (৩ আগস্ট) রাতে আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী নূরজাহান বেগম (২৪), তার চার বছরের শিশু সন্তান আব্দুলাহ ও আরেক যাত্রী ব্যবসায়ী আলতাফ হোসেন (৫০)।
তারা সবাই আশুলিয়ার ভাদাইল এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মরদেহ ও দুর্ঘটনাকবলিত রিকশাটি উদ্ধার করা হলেও লরির চালক পালিয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি অটোরিকশা উল্টো পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপা পড়েন চারজন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক শিশুসহ আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, ‘আমি রাতে রাস্তা পারাপার হচ্ছিলাম। এ সময় আমার সামনেই অটোরিকশাটি যাত্রীসহ উল্টে গিয়ে বড় লরির পেছনের চাকার নিচে চাপা পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হন।’
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সালেহ আহমেদ বলেন, ‘সড়কে থাকা গর্তে পড়ে উল্টে যাওয়ায় আটোরিকশাটি একটি লরির নিচে চাপা পড়ে। এ ঘটনায় আহত অটোরিকশাচালক গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিচয় এখনও জানা যায়নি। রাতে দুর্ঘটনার পরপর ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেয়।’
ইমতিয়াজ/পপি/