চলতি বছরের জুলাই মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে গতকাল সোমবার সকালে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।
২০২৫ সালের জুলাই মাসে অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে উত্তরা পশ্চিম থানা।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মিরপুর জোনের মো. মিজানুর রহমান।
শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন আদাবর থানার আলমগীর হোসেন ও মিরপুর মডেল থানার আল আমীন তালুকদার।
এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার রকিবুল হাসান ও যাত্রাবাড়ী থানার মো. আক্তারুজ্জামান মণ্ডল পলাশ।
অপরদিকে গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী জোনের সার্জেন্ট মো. জাকির হোসেন ও এয়ারপোর্ট জোনের সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল নোমান।
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জরা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।