আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রতিমা তৈরির ধুম।
এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মন্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে আয়োজন করা হচ্ছে ২৫৮টি মন্ডপ ও মন্দিরে। গত বছর দেশে ৩১ হাজার ৪৬১টি এবং ঢাকায় ২৫২টি মন্ডপে দুর্গাপূজা হয়েছিল।
প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
মৃৎশিল্পীদের নিপুণ হাতে খড় ও কাদা মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন চলছে প্রলেপ ও রঙের কাজ। কারিগররা দিনরাত কাজ করছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা তৈরিতে।
পুরান ঢাকার শাঁখারিবাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, কলতাবাজার, প্যারীদাস রোডসহ বিভিন্ন পূজামন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ, প্যান্ডেল ও তোরণ নির্মাণের কাজও চলছে পুরোদমে। রাজধানীর গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর মধ্যে রয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, স্বামীবাগ লোকনাথ মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, মিরপুর কেন্দ্রীয় মন্দির এবং খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণ।
দেবীপক্ষের সূচনা
ইতোমধ্যে গত ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছে। ভোরে চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় এবং প্রতিমায় দেবীর চক্ষুদান করা হয়। হিন্দু শাস্ত্র মতে, এ বছর দেবী দুর্গা হাতির পিঠে মর্ত্যে আগমন করছেন, যা শস্য-শ্যামলা ও সমৃদ্ধির প্রতীক। তবে কৈলাসে গমন করবেন দোলায়, যা প্রকৃতিতে অশুভ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়।
সরকারি অনুদান
এ বছর দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকার মোট ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। এরমধ্যে সারাদেশের জন্য ৪ কোটি টাকা এবং পার্বত্য জেলাগুলোর জন্য ১ কোটি টাকা বরাদ্দ করেছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
পূজার সময়সূচি
২৮ সেপ্টেম্বর: ষষ্ঠী পূজা দিয়ে শুরু
২৯ সেপ্টেম্বর: সপ্তমী পূজা
৩০ সেপ্টেম্বর: অষ্টমী পূজা
১ অক্টোবর: নবমী পূজা
২ অক্টোবর: বিজয়া দশমী ও বিসর্জন
অনুভূতি ও প্রত্যাশা
মৃৎশিল্পীরা জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও ভালোবাসা। পূজামন্ডপের পুরোহিতরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে পূজা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “এ বছর সারাদেশে দুর্গাপূজার মন্ডপের সংখ্যা বেড়েছে। ভক্তদের অংশগ্রহণও আগের চেয়ে বেশি হবে বলে আমরা আশা করছি।” সূত্র: বাসস
মেহেদী/