শারদীয় দুর্গোৎসব ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করছে রেলওয়ে।
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো। শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটিতে কক্সবাজার ভ্রমণের বিষয়টি মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।
রেলওয়ে সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ‘ঢাকা স্পেশাল’ চলবে। চট্টগ্রাম থেকে বেলা পৌনে ৩টায় এই ট্রেন ছেড়ে ঢাকায় পৌঁছবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। এ ছাড়া 'ট্যুরিস্ট স্পেশাল' চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেস্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে এই ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়। ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এ ট্রেনের ভাড়া আগের মতো থাকবে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে পর্যটকদের চাপ বেড়ে যায়। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এসব ট্রেনে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতো সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিতে বেশি যাত্রী কক্সবাজারে যাবেন। প্রতিবছর এ সময়ে যাত্রীদের চাপ সামাল দিতে স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৮টি কোচ নিয়ে স্পেশাল ট্রেন ৩০ সেপ্টেম্বর থেকে যাত্রা করবে। প্রথমদিন চট্টগ্রাম থেকে এরপর ঢাকা কক্সবাজার রুটে এ স্পেশাল ট্রেন চলাচল করবে।
এসএন/