ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের দুইজন নারী, দুইজন পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৪৫, ৫৫, ৫৫, ৬৫ বছর। একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন কুর্মিটোলে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৬, চট্টগ্রামে ৯১, ঢাকা বিভাগে ১৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনায় ১০১, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৫৪, রংপুর ৫৭ ও সিলেটে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫৮ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৪৩ হাজার ৬২৯ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ১৯২ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ জন এবং সেপ্টেম্বর এই পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরিফ সাওন/রিফাত/