জুলাইয়ের তুলনায় আগস্টের ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কম ছিল। কিন্তু আগস্টের তুলনায় সেপ্টেম্বর আক্রান্ত ও মৃত্যু অনেক বেশি হয়েছে। আগস্টের চেয়ে হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৩৭০ জন বেশি। মৃত্যুর সংখ্যা দ্বিগুণ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৩৪২ জন। এর মধ্যে জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন। যা আগস্টের চেয়ে ৫ হাজার ৩৭০ জন বেশি।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ ও সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয়েছে। যা আগস্টের প্রায় দ্বিগুণ।
এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে।
মৃত তিনজনই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৩, ৩৮ ও ৬৮ বছর। তিনজনই বরিশলা বিভাগে। একজন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও একজন বরগুনার আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৭, চট্টগ্রামে ৭০, ঢাকা বিভাগে ৭৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২, খুলনায় ৪২, ময়মনসিংহে ১৬, রাজশাহী ১০১, ময়মনসিংহে ২৮, রাজশাহী ২৫ ও সিলেটে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১২ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৪৪ হাজার ৭৯৬ জন ছাড়পত্র পেয়েছেন।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সাওন/রিফাত/