সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।
তিনি বলেন, 'নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে, যেটি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। অতীতের কলঙ্ক মুছতে হলে একটি ভালো নির্বাচনের বিকল্প নেই।'
নির্বাচন কমিশনার বলেন, 'আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশসহ প্রশাসনের সবাইকে ভয়-ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়- এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।'
প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে কমিশন আরও বলেন, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রকার প্রভাব বা চাপে না পড়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হচ্ছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, এবং উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক, সিবিটিইপি প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়, মুহাম্মদ মোস্তফা হাসান।
কর্মশালায় সভাপতিত্ব করেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।
জহির শান্ত/সুমন/