ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই দিনে রোগটি শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১২ জন। এ ছাড়া এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯২৯ জন।
মঙ্গলবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি মৌসুমে ডেঙ্গুতে মারা গেছেন ৩১৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৬৩৪ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৯৩৮ জন। এখনো দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ৬৯৬ জন।
নতুন করে হাসপাতালে ভর্তি ৯১২ জনের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫১, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩১, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭২, রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৮৮, রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) তিন এবং সিলেট বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮০ হাজার ৬৩৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী। গত অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এটিই চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত ৪০ মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে ১০ ও ফেব্রুয়ারিতে তিনজনের মৃত্যু হয়েছে। মার্চ কেউ মারা যাননি। এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে। জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪১ জনে আর আগস্টে মৃত্যু ছিল ৩৯ জনের।