রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ গণমাধ্যমকে জানান, ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
জানা গেছে, নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করেছে পুলিশ। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুমন/