সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় শরিকদের যাতায়াতের জন্য বিশেষ ‘মেট্রোরেল’ পরিচালনা করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধায় ৩১ ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে।’
পরে ডিএমটিসিএলের অপারেশনস বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বিশেষ’ মেট্রো ট্রেন পরিচালনা বলতে বোঝানো হয়েছে, মেট্রোরেলের হেডওয়ে টাইম (দুই ট্রেন যাতায়াতের মধ্যবর্তী সময়) কমানো হবে।
নিয়ম অনুযায়ী বেলা ১০টা ৫৩ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মেট্রোরেলের অফ-পিক আওয়ার চলে। তখন ১০ মিনিট অন্তর মেট্রোরেল স্টেশনে আসে, যাকে হেডওয়ে টাইম বলা হয়।
বুধবার খালেদা জিয়ার জানাজা উপলক্ষে এই হেডওয়ে কমানো হবে।
কর্মদিবসে উত্তরা থেকে মতিঝিল অভিমুখে সকাল ৮টা ১১ মিনিট থেকে বেলা ১০টা ৫২ মিনিট পর্যন্ত; পরে বিকেল ৪টা ২১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রোরেলের পিক আওয়ার। এই সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রোরেল স্টেশনে আসে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, খালেদা জিয়ার জানাজা চলাকালীন সময়ে অফ-পিক আওয়ার পিক আওয়ারে রূপান্তর করা হবে। এর অর্থ, বুধবার দুপুরে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রোরেল চলাচল করবে। বিকেল কয়টা পর্যন্ত এ বিশেষ পরিসেবা পরিচালনা করা হবে তা উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ নিয়ে জানতে মেট্রোরেলের অপারেশন বিভাগের পরিচালক নাসির উদ্দিন আহমেদকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্পের কর্মকর্তারাও সঠিক তথ্য দিতে পারেননি।
জয়ন্ত/রিফাত/