ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে শুক্রবার (৯ জানুয়ারি) খুলে দেওয়া হয়।
উদ্যান পরিদর্শন শেষে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এসময় তিনি জানান, এই উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খুব দ্রুতই আমরা কাজ শুরু করবো। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নেবো।
প্রশাসক এজাজ আরও বলেন, শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।
উপস্থিত ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যে-সব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিস্কার করে ফেলা হবে।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৭ বছর পর পুনরায় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।
রাজু/এসএন