কেউ যাতে দুষ্ককর্ম করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সেই সঙ্গে প্রশাসনকে আইনশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ আরও বলেন, হিলি রেলস্টেশনের সমস্যা, হিলি স্থলবন্দর আধুনিকায়ন, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মাদক প্রতিরোধসহ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ আসনে বেইআনি কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রমও চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
হাকিমপুর উপজেলা বিএনপি সভাপতি ফৌরদৌস হোসেনের সভাপতিত্বে মতবিনিয় সভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সভাপতি আকরাম হোসেন সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, হাকিমপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, শপথ গ্রহণের পর শনিবার দুপুর ১২টায় তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তিনি নবাবগঞ্জ, ও ঘোড়াঘাট উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসএন/