আমাদের পর্যাপ্ত সার ও বীজ মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করেছি। পাট, বীজ ও সারও আমরা ইতোমধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষকরা যাতে সঠিকভাবে সার পায়, সে জন্য সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না; পর্যাপ্ত মজুদ রয়েছে।’
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাটের বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেবো। কৃষি উপকরণেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধনী) পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
জুয়েল/রিফাত/