হামের টিকার ক্রয়সংক্রান্ত জটিলতার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দেশের প্রতিযশা চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এসময় হামের টিকাদান কর্মসূচির জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার প্রাপ্যতা উন্নয়ন এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর শাহবাগে শহিদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এই দাবি জানান। আয়োজন করে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে বক্তারা বলেন, ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে যদি আজকে হামের প্রাদুর্ভাব এতো বৃদ্ধি পায় এবং তা যদি শিশু মৃত্যুর কারণ হয়ে থাকে তাহলে এর সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। মাঠপর্যায়ে আরও কার্যকর নজরদারি ও টিকার দ্রুত ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে দাবিদাওয়া আদায়ের আন্দোলনে যেনো জন দুর্ভোগ না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশে হামের এই প্রাদুর্ভাব নতুন কোনো ধরনের ভাইরাস মিউটেশনের জন্য হচ্ছে কিনা সে জন্য গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াকে ব্যবহার করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হানিফ, ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম, দৈনিক বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বিএমইউর শিশু রোগ বিভাগের ডীন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. তৌহিদ ইসলাম, বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো. নজরুল ইসলাম, বিএমইউর এনেস্থিসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স অফিসার মো. আরিফুর রহমান, ইউনিসেফের প্রতিনিধি ডা. হাসানুজ্জামান, জাহিদ শাহেদ প্রমুখ।
শফিকুল ইসলাম/এসএন