খুলনার কয়রা উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর খুলনা নৌ-অঞ্চলের কমান্ডারের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল ওই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী আনুমানিক এক হাজার ব্যক্তি চিকিৎসাসেবা নেন। সেবাগ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা দেওয়া ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ওই মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। এ সময় চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তি দেখা গেছে বলেও জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে কেমিক্যাল দূষণ প্রতিহত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেই সঙ্গে দেশের মানুষের প্রয়োজনে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলগুলোয় অনগ্রসর ও দুস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আলমগীর/এসজি/