আগামী পাঁচ বছরের মধ্যে শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণে ধাপে ধাপে নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, শূন্যপদ পূরণের জন্য ইতোমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২ হাজার ৮৭৯টি পদে, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি পদে এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, কর্মপরিকল্পনায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এ লক্ষ্যে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের সর্বশেষ তথ্য সংগ্রহ এবং নিয়োগের অগ্রগতি জানাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সংসদে প্রতিমন্ত্রী উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ অনুযায়ী দেশে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং সপ্তদশ থেকে বিংশ গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি শূন্যপদ রয়েছে।
এ ছাড়া অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক বিভিন্ন শ্রেণিতে আরও ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, সরকার পর্যায়ক্রমে এসব শূন্যপদ পূরণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
এলিস/নাঈম